সাড়ে তিন বছরে ৯৩ কোটি টাকা লোকসান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মধ্যপাড়া কঠিন শিলা খনি থেকে ২০০৭ সালের ২৫ মে পাথর উত্তোলন করা শুরু হয়। শ্রমিক অসন্তোষের কারণে খনি পরিচালনার দায়িত্বে নিয়োজিত প্রতিষ্ঠানটি ওই সময় থেকে এ পর্যন্ত সাড়ে তিন বছরে প্রায় ৯৩ কোটি টাকা লোকসান দিয়েছে।’ বুধবার এক মতবিনিময় সভায় এ খনি পরিচালনার দায়িত্বে নিয়োজিত প্রতিষ্ঠান মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জামিল আহমেদ এ কথা বলেন। পার্বতীপুর উপজেলায় অবস্থিত মধ্যপাড়া কঠিন শিলা খনির হলকক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের মহাব্যবস্থাপক (প্রশাসন ও অর্থ) আবুল বাসার, উপমহাব্যবস্থাপক এ বি এম কামরুজ্জামান, ব্যবস্থাপক (ভাণ্ডার) রফিজুল ইসলাম, ব্যবস্থাপক সরোয়ার হামিদ প্রমুখ উপস্থিত ছিলেন। খনির ব্যবস্থাপনা পরিচালক জামিল আহমেদ জানান, খনিতে বর্তমানে তৃতীয় পক্ষের মাধ্যমে ২৮৫ জন শ্রমিক নিয়োগ করা হয়েছে। তাঁদের মধ্যে খনির উপরিভাগে কর্মরত শ্রমিকদের মাসিক মজুরি ১০ হাজার এবং ভূ-গর্ভে কর্মরত শ্রমিকদের ১৬ হাজার টাকা। এ ছাড়া তাঁদের দুটি উৎসব-ভাতা এবং বিমা-সুবিধা দেওয়া হয়। এত কিছুর পরও বাইরের একটি পক্ষের ইন্ধনে ও কয়েকজন শ্রমিক নেতার উসকানিতে সব সময় এখানে শ্রমিক অসন্তোষ লেগেই থাকে। ব্যবস্থাপনা পরিচালক জামিল আহমেদ আরও বলেন, উসকানি দেওয়ার অভিযোগে শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি মোমিনুল হক, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, শ্রমিক নেতা মেহেদী হাসান, সাদেকুল ইসলাম ও শরিফুল ইসলামকে গত বছরের ২৫ নভেম্বর চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। এরপর থেকে খনিতে স্বাভাবিক উৎপাদন ফিরে আসে। বরখাস্ত হওয়া শ্রমিক নেতারা আবারও খনিতে শ্রমিক অসন্তোষ সৃষ্টি করতে পারে। বর্তমানে খনি থেকে এক পালায় কাজ করে শ্রমিকেরা প্রতিদিন এক হাজার ১০০ টন পাথর উত্তোলন করছেন। শিগগিরই আরও শ্রমিক নিয়োগ দিয়ে দ্বিতীয় পালা চালু করা হবে। এতে প্রতি পালায় এক হাজার ৫০০ টন পাথর উত্তোলন করে লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে।