সাড়ে তিন বছরেও শেষ হয়নি কাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাজের মেয়াদ দুবার বাড়ানোর পরও শেষ হয়নি বরিশাল নগরের বঙ্গবন্ধু মিলনায়তনের নির্মাণকাজ। ছবিটি গত বৃহস্পতিবার নগরের সদর রোড থেকে তোলা l প্রথম আলো
কাজের মেয়াদ দুবার বাড়ানোর পরও শেষ হয়নি বরিশাল নগরের বঙ্গবন্ধু মিলনায়তনের নির্মাণকাজ। ছবিটি গত বৃহস্পতিবার নগরের সদর রোড থেকে তোলা l প্রথম আলো

বরিশাল নগরে আধুনিক সুবিধা-সংবলিত পাঁচতলা বঙ্গবন্ধু মিলনায়তনের নির্মাণকাজ সাড়ে তিন বছরেও শেষ হয়নি। কাজ শুরুর পর দুই দফায় মেয়াদ বাড়ানো হয়েছে। দ্বিতীয় মেয়াদের এক বছর পার হলেও এখনো নির্মাণকাজ শেষ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। এখন কাজ বন্ধ আছে।

বরিশাল সিটি করপোরেশন সূত্র জানায়, ২০১৪ সালের ১৩ জানুয়ারি নগরের সদর রোডের কেন্দ্রীয় শহীদ মিনারের উত্তর পাশের জমিতে ১৭ কোটি ২৭ লাখ টাকা ব্যয়ে ৫০০ আসনের পাঁচতলা এই মিলনায়তন নির্মাণের কাজ শুরু হয়। কার্যাদেশে ২০১৫ সালের জানুয়ারিতে এর নির্মাণকাজ শেষ করার সময়সীমা নির্ধারিত থাকলেও পরে নকশা পরিবর্তন হওয়ায় মিলনায়তনটির নির্মাণব্যয় বাড়িয়ে ২৫ কোটি টাকায় উন্নীত করা হয়। এ সময় নির্মাণকাজের সময়সীমা বাড়িয়ে ২০১৬ সালের জুন মাস পর্যন্ত বেঁধে দেওয়া হয়।

কিন্তু দ্বিতীয় দফায় সময়সীমা নির্ধারণ করে দেওয়ার পর এক বছর পার হলেও মিলনায়তনটির নির্মাণকাজ এখনো সম্পন্ন হয়নি। মেসার্স কোহিনূর এন্টারপ্রাইজ ও মোমেন সিকদার নামের দুটি যৌথ ঠিকাদারি প্রতিষ্ঠান এই কাজ পায়।

৬ জুলাই নির্মাণস্থলে গিয়ে দেখা যায়, ভবনের কাজ শেষ হলেও ভেতরের বেশ কিছু দেয়ালে কাজ এখনো বাকি। এ ছাড়া ভেতর ও বাইরের সাজসজ্জার (ডেকোরেশন) কাজও পড়ে আছে। এখন কাজ বন্ধ রয়েছে। বরিশাল সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী খান মো. নূরুল ইসলাম প্রথমআলোকে বলেন, নকশায় পরিবর্তন আসায় মূলত এর নির্মাণব্যয় ও সময়সীমা বেড়েছে। নতুন করে যে নির্মাণব্যয় বেড়েছে, সেই অর্থ সরকারি তহবিল থেকে না দিয়ে সিটি করপোরেশনকে নিজস্ব তহবিল থেকে নির্বাহ করার জন্য বলা হয়েছে। কিন্তু সিটি করপোরেশনে আর্থিক সংকটের কারণে সেই অর্থ বরাদ্দ দেওয়া এই মুহূর্তে দুরূহ। তারপরও তাঁরা চেষ্টা করছেন যত দ্রুত সম্ভব মিলনায়তনটি চালু করার।

সিটি করপোরেশন সূত্র জানায়, ২০১৪ সালের জানুয়ারিতে ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ শুরু করে। প্রথম দিকে কাজের অগ্রগতি সন্তোষজনক হলেও ২০১৫ সালের প্রথম দিকে ভবনটির নকশায় কিছু পরিবর্তন এনে নির্মাণব্যয় বর্ধিত করার পর কাজে ধীর গতি শুরু হয়। প্রাক্কলন ব্যয় বর্ধিত করার পর ২০১৬ সালের জুনের মধ্যে ভবনটির নির্মাণকাজ শেষ করে সিটি করপোরেশনের কাছে হস্তান্তরের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। সূত্রটি আরও জানায়, ভবন নির্মাণের জন্য অতিরিক্ত টাকা স্থানীয় সরকার মন্ত্রণালয় নির্বাহ করতে অপারগতা জানায় এবং সেই টাকা সিটি করপোরেশনকে নিজস্ব তহবিল থেকে পরিশোধের নির্দেশ দেয়। কিন্তু এই পরিমাণ অর্থ পরিশোধের সামর্থ্য সিটি করপোরেশনের না থাকায় ভবনের বাকি কাজ আটকে আছে।

যোগাযোগ করা হলে ঠিকাদার মোমেন সিকদার বলেন, ‘মূল ভবনের কাজ শেষ হয়েছে। এখন ভেতর ও বাইরের সাজসজ্জার কাজ বাকি আছে। সেসব কাজ করাতে অর্থ বরাদ্দ না থাকায় সম্পন্ন করা যাচ্ছে না। এ ক্ষেত্রে আমাদের কোনো গাফিলতি নেই।’

মিলনায়তন নির্মাণে ধীর গতির কারণে বরিশালের সাংস্কৃতিক অঙ্গনের সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। বরিশালের নাট্য সংগঠন শব্দাবলীর প্রতিষ্ঠাতা সভাপতি নাট্যজন সৈয়দ দুলাল প্রথমআলোকে বলেন, ‘কথা ছিল মূল ভবনের কাজ সম্পন্ন হওয়ার পর আমাদের ডেকে পরামর্শ করে এর ভেতর ও বাইরের সাজসজ্জার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। কিন্তু আজ পর্যন্ত আমাদের ডাকা হয়নি। এখন ওখানে কী হবে, কী হচ্ছে, তা-ও আমরা জানি না। অনেক দিন ধরে কাজ বন্ধ আছে। কবে নাগাদ এটি সম্পন্ন হবে, তা-ও অনিশ্চিত। এটা খুবই দুঃখজনক।’