ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবনের নির্মাণকাজ সাড়ে তিন বছরেও শেষ হয়নি। কয়েক দফায় নির্মাণকাজ বন্ধ থাকা ও ধীরগতিতে কাজ চলায় এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীতকরণে নতুন তিন তলা ভবন নির্মাণের কাজ পায় মেসার্স লতিফ বিল্ডার্স। নির্মাণ ব্যয় ধরা হয় চার কোটি ৪১ লাখ টাকা। ২০০৭ সালের মে মাসে কাজ শুরু হলে তা ১৮ মাসের মধ্যে সম্পন্ন করার কথা।খোঁজ নিয়ে জানা গেছে, মেসার্স লতিফ বিল্ডার্স কাজ পেলেও স্বপন ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠান কাজ করছে। এই প্রতিষ্ঠানটি সংশ্লিষ্ট দপ্তর থেকে কয়েক দফা সময় বাড়িয়ে নিয়েও কাজ শেষ করতে পারেনি। এ বিষয়ে ঠিকাদারকে চিঠি দিয়ে কয়েকবার সতর্ক করে দিয়েছে ব্রাহ্মণবাড়িয়া সিএমএমইউ। সরেজমিনে দেখা গেছে, ভবনের দ্বিতীয় তলা পর্যন্ত কাঠামো দাঁড় করালেও ব্যবহার করার মতো কোনো অবস্থা নেই। মেঝে ও দেয়ালে কোনো পলেস্তারা দেওয়া হয়নি, লাগানো হয়নি দরজা-জানালা।ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন মো. সরফরাজ খান চৌধুরী প্রথম আলোকে বলেন, যেভাবে কাজ চলছে তাতে তারা বিরক্ত। এ নিয়ে অনেক সভা, লেখালেখি হয়েছে কিন্তু কোনো কাজ হচ্ছে না। ব্রাহ্মণবাড়িয়ার সিএমএমইউয়ের সহকারী প্রকৌশলী এনায়েত উল্লা বলেন, চার মাস ধরে কাজ বন্ধ রয়েছে, এ পর্যন্ত ঠিকাদারকে কমপক্ষে ২৫-২৬ বার চিঠি দেওয়া হয়েছে।এ বিষয়ে ঠিকাদার প্রতিষ্ঠানের কারও সঙ্গে চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।