সাড়ে তিন বছরের শিশু খুনের ঘটনায় মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেরপুরের সজবরখিলা এলাকায় নিহত সাড়ে তিন বছরের শিশু তাহমিদ হাসান। ছবি: সংগৃহীত
শেরপুরের সজবরখিলা এলাকায় নিহত সাড়ে তিন বছরের শিশু তাহমিদ হাসান। ছবি: সংগৃহীত

শেরপুরে সাড়ে তিন বছরের শিশু তাহমিদ হাসানকে খুনের ঘটনায় হত্যা মামলা করা হয়েছে। নিহত শিশুর বাবা বাদী হয়ে আজ রোববার বিকেলে শেরপুর সদর থানায় চারজনকে আসামি করে মামলাটি করেন।

মামলার এজাহারে নাম উল্লেখ করা আসামিরা হলেন সজবরখিলা এলাকার বাসিন্দা হেলাল উদ্দিন, তাঁর স্ত্রী শিরিনা আক্তার, ছেলে রিয়াজ উদ্দিন ও মেয়ে শিলা আক্তার। গতকালই এ ঘটনায় জড়িত সন্দেহে শিরিনা আক্তার ও রিয়াজকে আটক করা হয়েছিল। মামলার পর তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে। তবে কেন ও কী কারণে তাহমিদকে খুন করা হয়েছে—পুলিশ এখনো তা উদ্‌ঘাটন করতে পারেনি।

সদর থানার পুলিশ গতকাল বিকেলে হেলাল উদ্দিনের বাড়ির সীমানাপ্রাচীরের ওপর থেকে শিশু তাহমিদের লাশ উদ্ধার করে। পরে জেলা সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্তের পর শনিবার রাতেই সদর উপজেলার খড়খড়িয়ায় গ্রামের বাড়িতে তার লাশ দাফন করা হয়। সে স্থানীয় শিক্ষক দম্পতি আবদুল মালেক রতন ও জহুরা পারভীনের ছোট ছেলে।

মামলার এজাহারে বাদী আবদুল মালেক রতন অভিযোগ করেন, সন্তানদের বিভিন্ন বিষয় নিয়ে প্রায় দেড় বছর যাবৎ প্রতিবেশী হেলাল উদ্দিনের সঙ্গে তাঁর শত্রুতা চলে আসছিল। এর জের ধরে গতকাল সকালে আসামিরা পূর্বপরিকল্পিতভাবে তাহমিদকে হেলাল উদ্দিনের বাড়ির বাথরুমে নিয়ে নৃশংসভাবে হত্যা করেন এবং হেলাল উদ্দিনের সীমানাপ্রাচীরের তাঁরকাটার (লোহা) সঙ্গে আটকে ঝুলিয়ে রাখেন। পরে পুলিশ তাহমিদের লাশ উদ্ধার করে।

তবে গ্রেপ্তার শিরিনা আক্তার ও তাঁর ছেলে রিয়াজ উদ্দিনের দাবি, তাঁরা এই খুনের ব্যাপারে কিছুই জানেন না। এ প্রতিবেদকের কাছে এ বক্তব্য দেন তাঁরা। অন্যদিকে ঘটনার পর থেকেই হেলাল উদ্দিন ও তাঁর মেয়ে শিলা আক্তার পলাতক রয়েছেন।

শেরপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা মো. শাহিন সরকার প্রথম আলোকে বলেন, এ ঘটনায় গ্রেপ্তার শিরিনা আক্তার ও তাঁর ছেলে রিয়াজ উদ্দিনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে এখন পর্যন্ত খুনের কারণ জানা যায়নি। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।