
সাড়ে তিন মাস পর কক্সবাজারের টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে গতকাল রোববার সকাল থেকে আবারও পযর্টকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে। সাগর উত্তাল থাকায় গত ৬ জুন থেকে এ নৌপথে পর্যটক পারাপারে নিয়োজিত জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছিল স্থানীয় প্রশাসন।
প্রায় দেড় হাজার পর্যটক কেয়ারি সিন্দাবাদ, কেয়ারি ক্রু অ্যান্ড ডাইন ও বে ক্রুজে করে গতকাল সেন্ট মার্টিনের উদ্দেশে টেকনাফ ছেড়ে যান।
কেয়ারি সিন্দাবাদ ও কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইন জাহাজের কক্সবাজারের ব্যবস্থাপক মো. হুমায়ুন কবির বলেন, এ নৌপথে চলাচলের জন্য তিনটি জাহাজের সারা বছরের অনুমতি রয়েছে। কিন্তু সাগর উত্তাল থাকায় দুর্ঘটনা এড়াতে স্থানীয় প্রশাসনের নিষেধাজ্ঞার কারণে ১১৩ দিন ধরে জাহাজ চলাচল বন্ধ ছিল। বর্তমানে সাগর শান্ত থাকায় আবারও পযর্টক পারাপারের অনুমতি দেওয়ায় গতকাল থেকে পুনরায় জাহাজ চলাচল শুরু করা হয়েছে। এখন থেকে প্রতিদিন সকাল সাড়ে নয়টায় টেকনাফ থেকে সেন্ট মার্টিনের উদ্দেশে জাহাজ ছেড়ে যাবে।
টেকনাফ উপজেলা নিবার্হী কর্মকর্তার দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) জাহিদ ইকবাল প্রথম আলোকে বলেন, শর্ত সাপেক্ষ এ নৌপথে জাহাজ চলাচল করার অনুমতি দেওয়া হয়েছে।
পযর্টকের পদচারণায় মুখর সেন্ট মার্টিন: পর্যটকদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে সাগরঘেরা নীল জলরাশির জনপদ সেন্ট মার্টিন। সেন্ট মার্টিন কটেজ সমিতির সভাপতি মো. ছিদ্দিকুর রহমান জানান, ঈদের দিন থেকে ১৫-২০টি ট্রলারে করে আড়াই হাজারের মতো পর্যটক এসেছেন। এখানে আগামী ৩ অক্টোবর পর্যন্ত অধিকাংশ হোটেল ও কটেজ ভাড়া হয়েছে।
সেন্ট মার্টিন ইউপি চেয়ারম্যান নুরুল আমিন বলেন, হোটেল-কটেজগুলোতে ভিড় বাড়ছে। তিনটি জাহাজ ও ২০টির মতো ট্রলারে করে পযর্টকেরা আসছেন।
টেকনাফ মডেল থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) কবির হোসেন বলেন, সেন্ট মার্টিন বেড়াতে আসা পযর্টকদের নিরাপত্তার পাশাপাশি চুরি-ছিনতাই রোধে আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তার অতিরিক্ত দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) জাহিদ ইকবাল বলেন, সেন্ট মার্টিনে হোটেল, কটেজসহ প্রতিটি আবাসিক ও খাবার হোটেলে মূল্য তালিকা টাঙানোর নির্দেশনা দেওয়া হয়েছে। ভাটার সময় কোনো পর্যটক যাতে পানিতে না নামেন, সে ব্যাপারে প্রচারণা চালানো হচ্ছে।