সাড়ে তিন মাস পর নিজ গ্রামে লিমন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় সাড়ে তিন মাস পর র‌্যাবের গুলিতে আহত লিমন নিজের গ্রামে ফিরে গেল। র‌্যাবের দায়ের করা মামলায় হাজিরা দিতে গত শনিবার তাকে ঝালকাঠি নেওয়া হয়। এত দিন পর লিমনকে কাছে পেয়ে চোখে পানি ধরে রাখতে পারেনি গ্রামের মানুষ।ঝালকাঠির আদালত সূত্র জানায়, গতকাল রোববার ঝালকাঠির বিশেষ ট্রাইব্যুনাল-১ (জেলা ও দায়রা জজ) আদালতে লিমনের বিরুদ্ধে র‌্যাবের দায়ের করা অস্ত্র মামলার অভিযোগ গঠনের দিন ছিল। এ জন্য আইন ও সালিশ কেন্দ্রের পরিচালক (তদন্ত) নূর খান লিটনের নেতৃত্বে চার সদস্যর একটি দল তাকে ঢাকা থেকে ঝালকাঠিতে নিয়ে যায়। গতকাল সকাল ১০টায় লিমনকে জেলা ও দায়রা জজ আদালতে হাজির করা হয়। এ সময় উৎসুক জনতা আদালতে ভিড় করে। আদালত অস্ত্র মামলাটি বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনাল-২-এ পাঠানোর আদেশ দেন। বেলা সাড়ে ১১টায় লিমনকে বিশেষ ট্রাইব্যুনাল-২-এ নেওয়া হয়। লিমনের আইনজীবী নাসির উদ্দিন অস্ত্র মামলার দায় থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন। আদালত আগামী ১৫ সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেন। দুপুর সাড়ে ১২টায় আইন ও সালিশ কেন্দ্রের কর্মকর্তারা একটি মাইক্রোবাসে করে লিমনকে তার গ্রাম রাজাপুরের সাতুরিয়ায় নিয়ে যান। কিন্তু মাইক্রোবাসটি লিমনের বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে বরিশাল-পিরোজপুর সড়কের ইঁদুরবাড়ি সেতুর কাছে এসে থেমে যায়। লিমনদের বাড়ি যাওয়ার রাস্তা কর্দমাক্ত হওয়ায় ক্রাচে ভর করে লিমন আর বাড়ি পর্যন্ত পৌঁছাতে পারেনি। তবে লিমন গ্রামে এসেছে—এ খবর পেয়েই গ্রামবাসী ছুটে আসে। লিমনকে কাছে পেয়ে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন তার দাদা আবদুল আজিজ, দাদিসহ পরিবারের সবাই। লিমনের সহপাঠী মিন্টু হাওলাদার বলে, ‘আমি লিমনের খুব কাছের বন্ধু। লিমনকে এভাবে পা হারানো অবস্থায় দেখতে হবে, এটা ভাবিনি। লিমনকে যারা গুলি করে পঙ্গু করেছে, তাদের বিচার চাই।’