সাড়ে তিন মাস পর পেট থেকে বের হলো গজ!
অস্ত্রোপচারের সাড়ে তিন মাস পর বরিশালে মাকসুদা বেগম (২৫) নামের এক নারীর পেট থেকে গজ বের করা হয়েছে। মুমূর্ষু অবস্থায় ওই নারীকে হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। চিকিৎসকেরা বলেন, দীর্ঘদিন পেটের ভেতর গজ থাকায় খাদ্যনালিতে অনেকগুলো ছিদ্র হয়ে গেছে।
গত বৃহস্পতিবার মাকসুদা বেগমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। মাকসুদা পটুয়াখালীর বাউফল উপজেলার বিলবিলাস গ্রামের মো. রাসেল সরদারের স্ত্রী। গত মার্চে অস্ত্রোপচার করে মাকসুদা একটি কন্যাসন্তানের জন্ম দেন। তখন তাঁর পেটে গজ রেখে সেলাই করে দেন চিকিৎসক।
মাকসুদার মা রোকেয়া বেগম বলেন, গত মার্চে সন্তান প্রসবের জন্য মাকসুদাকে বাউফলের নিরাময় ক্লিনিকে নেওয়া হয়। অস্ত্রোপচার করে মাকসুদার একটি মেয়ে হয়। কয়েক দিন ক্লিনিকে থাকার পর তাঁরা বাড়ি ফেরেন। এক মাস পর মাকসুদা পেটে তীব্র ব্যথা অনুভব করায় আবারও ওই ক্লিনিকে যান। চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষা করে ওষুধ দিয়ে ব্যথা কমানোর চেষ্টা করেন। দুই মাস পর খিঁচুনি দিয়ে জ্বর ওঠে। তখন খাওয়াদাওয়াও বন্ধ হয়ে যায়। গত জুনে বরিশাল মেডিকেলের বহির্বিভাগে দেখানো হয়। তখন আলট্রাসনোগ্রাফিতেও কিছু ধরা পড়ে না। এরপর পটুয়াখালীতে এক চিকিৎসককে দেখানোর পর তিনি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানোর পরামর্শ দেন। ১২ জুলাই হাসপাতালে মাকসুদার অস্ত্রোপচার হয়। তখন তাঁর পেটের ভেতর থেকে গজ বের করা হয়।
মাকসুদার স্বামী রাসেল সরদার বলেন, বাউফলের নিরাময় ক্লিনিকে কোন চিকিৎসক তাঁর স্ত্রীর অস্ত্রোপচার করেছেন, তা তিনি জানেন না। তবে বিলবিলাস এলাকার মফিজুল ইসলাম ওরফে নান্নু তাঁদের ওই ক্লিনিকে নিয়ে গেছেন।
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক নজিবুল হক প্রথম আলোকে বলেন, বাউফলের একটি ক্লিনিকে আগে মাকসুদা বেগমের অস্ত্রোপচার করা হয়। তখন পেটের ভেতর মফ (গজ) রেখে সেলাই দেওয়া হয়। ১২ জুলাই অস্ত্রোপচার করে মাকসুদার পেট থেকে মোড়ানো অবস্থায় রক্তাক্ত গজ বের করা হয়। দীর্ঘদিন পেটের ভেতর গজ থাকায় পচে খাদ্যনালিতে অনেকগুলো ছিদ্র হয়ে গেছে। গত বৃহস্পতিবার তাঁর অবস্থার অবনতি হলে আইসিইউতে স্থানান্তর করা হয়। তাঁর অবস্থা আশঙ্কাজনক।