সাড়ে তিন মাসে অফিস করেছেন মাত্র নয় দিন!
চুয়াডাঙ্গার যুগ্ম জেলা জজ প্রথম আদালতের বিচারক সালাউদ্দিন মো. আকরাম গত ১৫ জুন চুয়াডাঙ্গায় যোগদানের পর এ পর্যন্ত মাত্র নয় দিন অফিস করেছেন। অনুমতি ছাড়া দিনের পর দিন অনুপস্থিত থাকায় তাঁর দায়িত্বে থাকা চুয়াডাঙ্গার যুগ্ম জেলা জজ প্রথম ও দ্বিতীয় আদালতে এক হাজার ১৫৯টি মোকদ্দমা বিচার ও নিষ্পত্তিতে বিলম্ব হচ্ছে এবং বিচারপ্রার্থীরা দুর্ভোগে পড়েছেন।এই অবস্থায় বিচারক সালাউদ্দিন মো. আকরামকে চুয়াডাঙ্গা জজশিপ থেকে প্রত্যাহার করে অন্য একজনকে নিয়োগ দেওয়ার জন্য চুয়াডাঙ্গা জেলা জজ কে জি মোস্তফা গত ২১ সেপ্টেম্বর আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সচিবকে লিখিতভাবে অনুরোধ জানিয়েছেন। জেলা জজশিপের প্রশাসনিক কর্মকর্তা জহুরুল হায়দার বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন।জেলা জজের কার্যালয় সূত্রে জানা গেছে, বিচারক সালাউদ্দিন মো. আকরামের অনুপস্থিতির কারণে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক বেগম মমতাজ পারভীন ওই আদালতের বিচারাধীন মামলাগুলো পরিচালনা করছিলেন। গত ২১ সেপ্টেম্বর বেগম মমতাজ পারভীনকে চুয়াডাঙ্গা থেকে বদলি করা হয়েছে।সংশ্লিষ্ট আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) ইমতিয়াজ আহমেদ প্রথম আলোকে জানান, যুগ্ম জেলা জজ সালাউদ্দিন মো. আকরাম গত ১৫ জুন যোগদানের পর বিক্ষিপ্তভাবে এজলাসে বসেছেন। দীর্ঘদিন অনুপস্থিত ও গরহাজির থাকায় বিচারপ্রত্যাশীরা প্রতিনিয়ত হয়রানি ও দুর্ভোগের শিকার হচ্ছেন। অবিলম্বে এ সমস্যার নিরসন হওয়া দরকার।