সভাপতি ও সাধারণ সম্পাদকের মধ্যে বিরোধের কারণে সাড়ে তিন মাসেও বগুড়া জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা সম্ভব হয়নি বলে অভিযোগ করেছেন সাধারণ নেতা-কর্মী ও সমর্থকেরা। কমিটি বিলুপ্ত করার প্রায় ১১ মাস পর গত ১৬ এপ্রিল জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়। তাঁদের খুব শিগগির পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে বলা হয়েছিল।দলীয় সূত্রে জানা গেছে, ১৬ এপ্রিল কেন্দ্রীয় কমিটি থেকে চিঠি পাঠিয়ে আল রাজী জুয়েলকে সভাপতি ও মাশরাফি হিরোকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়। চিঠিতে তাঁদের দ্রুত পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়। কাউন্সিল ছাড়াই সভাপতি ও সম্পাদক মনোনীত করায় নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। অনেকে কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন। অভিযোগ রয়েছে, কমিটির সভাপতি আল রাজী জুয়েল জেলা আওয়ামী লীগের এক শীর্ষ নেতার আস্থাভাজন হিসেবে দলে স্থান পেয়েছেন। আর সাধারণ সম্পাদক মাশরাফি হিরো জেলা যুবলীগের শীর্ষ এক নেতার আস্থাভাজন। ছাত্রলীগের এই দুই নেতার রাজনৈতিক গুরুদের মধ্যে সাপে-নেউলে সম্পর্ক; যে কারণে একজন কিছু করলে অন্যজন তা মেনে নিতে চান না। পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য সাধারণ সম্পাদক একটি তালিকা তৈরি করলেও সেই তালিকা সভাপতি নিতে চাইছেন না। ফলে বগুড়ায় ছাত্রলীগের সাংগঠনিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। ছাত্রলীগের নামে শহরে চলছে নানা অপকর্ম। কেউ চাঁদাবাজি, কেউ জায়গা দখল, আবার কেউ কমিশন আদায়ে ব্যস্ত। গত মঙ্গলবার জেলা ছাত্রলীগের সভাপতি আল রাজী জুয়েল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ছাত্রলীগ বগুড়া সরকারি আযিযুল হক কলেজ, সরকারি শাহ সুলতান কলেজ, সদর উপজেলা ও আদমদীঘি উপজেলা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। পরদিন সাধারণ সম্পাদক মাশরাফি হিরো ওই বিজ্ঞপ্তির প্রতিবাদ করে জানান, এসব কমিটি বাতিল হয়নি। জেলা ছাত্রলীগের সভাপতি এককভাবে এটা করতে পারেন না। এর আগে গত ২০ জুলাই আদমদীঘি উপজেলা ছাত্রলীগের বর্ধিত সভায় ৩০ জুলাই সম্মেলনের সিদ্ধান্ত হয়। কিন্তু ২৯ জুলাই রাতে সভাপতি সাধারণ সম্পাদককে জানান, তিনি ওই সন্মেলনে যাবেন না। ৩০ জুলাই সম্মেলনে কমিটি গঠন করা হয়। এই বিরোধে উপজেলা কমিটি বিলুপ্ত করার ঘোষণা দেন সভাপতি।সাধারণ সম্পাদক মাশরাফি হিরো এ বিষয়ে বলেন, পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য কর্মীদের কাছ থেকে আবেদন নেওয়া হয়েছে। কিন্তু সভাপতির অসহযোগিতায় পূর্ণাঙ্গ কমিটি করা যাচ্ছে না। তিনি অভিযোগ করেন, সভাপতি বিজ্ঞপ্তি দিয়ে যে চারটি কমিটি বিলুপ্ত করার কথা বলেছেন, তা গঠনতন্ত্র মোতাবেক হয়নি। গঠনতন্ত্র অনুযায়ী আদমদীঘিতে গিয়ে সম্মেলন করে কমিটি করা হয়েছে।সভাপতি আল রাজী জুয়েল বলেন, নতুন গঠনতন্ত্র অনুযায়ী এসব কমিটি বিলুপ্ত করা যায়। কারণ, এগুলোর মেয়াদ অনেক আগেই উত্তীর্ণ হয়েছে। কমিটি গঠনের বিষয়ে তিনি বলেন, সাধারণ সম্পাদকের সঙ্গে বিরোধের কারণে পূর্ণাঙ্গ কমিটি করা যাচ্ছে না। ঈদের পরে কমিটি করা হবে।গত বছরের জুনে বগুড়া জেলা ছাত্রলীগের কমিটি ভেঙে দিয়ে ২ জুলাই সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়। সম্মেলনকে কেন্দ্র করে দুই পক্ষের বিরোধ চরম আকার ধারণ করে। সহিংসতার আশঙ্কায় ১ জুলাই রাতে কেন্দ্র থেকে সম্মেলন স্থগিত করা হয়। এর পর থেকেই জেলা ছাত্রলীগের কমিটি গঠনপ্রক্রিয়া ঝুলে ছিল।