সাড়ে তিন শতাধিক কর্মকর্তার নাম চূড়ান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনপ্রশাসনে সাড়ে তিন শতাধিক জ্যেষ্ঠ সহকারী সচিবকে উপসচিব পদে পদোন্নতির প্রক্রিয়া শুরু হয়েছে। গতকাল সোমবার সুপিরিয়র সিলেকশন বোর্ডের (এসএসবি) মুলতবি সভায় এসব কর্মকর্তার পদোন্নতির সুপারিশ চূড়ান্ত করা হয়। এর আগে ২৪ নভেম্বর প্রথম সভা অনুষ্ঠিত হয়।মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত গতকালের সভায় সভাপতিত্ব করেন বোর্ডের সভাপতি ও মন্ত্রিপরিষদ সচিব আবদুল আজিজ। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহেদুজ্জামান, সংস্থাপনসচিব ইকবাল মাহমুদ ও স্বরাষ্ট্রসচিব আবদুস সোবহান সিকদার উপস্থিত ছিলেন।গত বছরের ৭ সেপ্টেম্বর ২৭১ জন জ্যেষ্ঠ সহকারী সচিবকে উপসচিব পদে পদোন্নতি দেওয়া হয়। এবার দ্বিতীয় দফায় বড় পদোন্নতি হতে যাচ্ছে।এ দফায় কমবেশি ৩৫৮ জন কর্মকর্তার পদোন্নতির জন্য সুপারিশ চূড়ান্ত করা হয়েছে। এর মধ্যে ১১তম ব্যাচের ১৫ জন কর্মকর্তা ছাড়াও আগে যেসব কর্মকর্তা পদোন্নতি পাননি, এবার তাঁদের পদোন্নতির জন্য সুপারিশ করা হয়েছে।জানতে চাইলে বোর্ডের সদস্য মোল্লা ওয়াহেদুজ্জামান প্রথম আলোকে বলেন, প্রধানমন্ত্রীর অনুমোদনের আগে ঠিক কত জনকে পদোন্নতি দেওয়া হচ্ছে, তা বলা সম্ভব নয়। তবে অন্যায়ভাবে কেউ যাতে ক্ষতিগ্রস্ত না হন, সে বিষয়টির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।সংশ্লিষ্ট সূত্র জানায়, বিগত বিএনপি-জামায়াত জোট সরকার এবং বর্তমান সরকারের আমলে উপসচিব পদে পদোন্নতির প্রক্রিয়ায় যেসব কর্মকর্তা বাদ পড়েছিলেন, এ রকম অনেক কর্মকর্তাকে এবার পদোন্নতি দেওয়ার জন্য সুপারিশ করা হয়েছে।