সাড়ে তিন শতাধিক গাড়ির বহর নিয়ে নেতাকে স্বাগত
বিএনপির কেন্দ্রীয় সহসভাপতি নির্বাচিত হওয়ায় সাড়ে তিন শতাধিক গাড়ির বহর নিয়ে স্বাগত জানানো হলো চৌধুরী কামাল ইবনে ইউসুফকে। পাশাপাশি ডজনখানেক তোরণও নির্মাণ করা হয়। পরে ফরিদপুরে শহরের একটি গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ করে দিয়ে তাঁকে ‘গণসংবর্ধনা’ দেওয়া হয়েছে। ফরিদপুর শহর ও কোতোয়ালি থানা বিএনপি গতকাল বৃহস্পতিবার এ সংবর্ধনার আয়োজন করে।প্রত্যক্ষদর্শীরা জানায়, কামাল ইবনে ইউসুফ দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা থেকে গোয়ালন্দের দৌলতদিয়া ঘাটে এসে পৌঁছালে বিএনপির নেতা-কর্মীরা তাঁকে স্বাগত জানান। ঘাট থেকে অন্তত ৬৫টি জিপ ও মাইক্রোবাসের বহর তাঁকে নিয়ে ফরিদপুর শহরের দিকে রওনা হয়। পথে ধূলদী রেলগেট ও রাজবাড়ী রাস্তার মোড় থেকে তিন শতাধিক মোটরসাইকেল ওই বহরে যোগ দেয়।কামাল ইবনে ইউসুফকে স্বাগত জানাতে ফরিদপুরের শিবরামপুর থেকে শহরের কমলাপুরে তাঁর পৈতৃক বাড়ি ‘ময়েজ মঞ্জিল’ পর্যন্ত ডজনখানেক তোরণও নির্মাণ করা হয়। বেলা দুইটার দিকে গাড়ি বহরের সঙ্গে তিনি ময়েজ মঞ্জিলে পৌঁছান। পরে বিকেল তিনটার কিছু আগে মঞ্চে ওঠেন। স্থানীয়রা জানায়, বিকেল তিনটা থেকে শহরের গুরুত্বপূর্ণ স্থান আলীপুর মোড়ে রাস্তার ওপরে নির্মিত মঞ্চে সংবর্ধনা সভা শুরু হয়। এতে বিকেল চারটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত শহরের জনতা ব্যাংকের মোড় ও আলীপুরের গোলপুকুর শপিং কমপ্লেক্স পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে কবি জসীমউদ্দীন সড়ক ও আলীপুর উদয়ন ক্লাবসংলগ্ন সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।সংবর্ধনা প্রসঙ্গে ফরিদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ মোদাররেছ আলী বলেন, ‘কীভাবে সংবর্ধনার আয়োজন করা হলো তা আমার জানা নেই।’ তিনি বলেন, ১৫ সদস্যবিশিষ্ট সহসভাপতির মধ্যে বিএনপির আগের কেন্দ্রীয় কমিটিতে কামাল ইবনে ইউসুফের ক্রমিক ছিল চার, কিন্তু এবারের আট নম্বরে।ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী প্রথম আলোকে বলেন, ‘যান চলাচল স্বাভাবিক রাখতে আমরা আপ্রাণ চেষ্টা করেছি। কিন্তু লোকজন বেশি হওয়ায় তা সম্ভব হয়নি।’ ফরিদপুরের জেলা প্রশাসক (ডিসি) হেলালুদ্দীন আহমদ জানান, রাস্তা বন্ধ রেখে জনসভা করা ঠিক নয়। দিনের বেলায় প্রধান সড়ক বন্ধ করে দিয়ে জনসভা করা দেশের রাজনৈতিক অপসংস্কৃতিরই একটি উদাহরণ।