সাড়ে তিন হাজার একর শ্বাসমূলীয় বন উজাড়
ভোলার তজুমদ্দিন উপজেলার চর জহিরুদ্দিন বিটে ১৬ হাজার ২৮৩ একর শ্বাসমূলীয় বন (ম্যানগ্রোভ ফরেস্ট) রয়েছে। এর মধ্যে সাড়ে তিন হাজার একরের গাছ কেটে ভূমিদস্যুরা কয়েক হাজার ঘরবাড়ি বানিয়েছে। এতে বন কর্মকর্তাদের সহযোগিতা রয়েছে বলে অভিযোগ আছে। কিন্তু বন বিভাগ প্রভাবশালীদের দায়ী করছে। নতুন বাজারের কাছাকাছি এলাকা দেখিয়ে চর জহিরুদ্দিনের প্রবীণ ব্যক্তি সলেমান ফরাজি (৭৫) বলেন, এখানে মাইলের পর মাইল ঘন কেওড়াবাগান ছিল। বনদস্যু ও ভূমিদস্যুরা গাছ কাটতে কাটতে এখন বিরানভূমি করে ফেলেছে। এখন সেখানে বসতঘর ও খেত হচ্ছে।চর জহিরুদ্দিনের বাবুল মাঝি (৫৬), কৃষক ফরিদ হাওলাদারসহ (৪৫) একাধিক চরবাসী জানান, বনদস্যুদের লোকেরা গাছ কেটে ট্রলারে করে ইটভাটায় পাচার করে। গাছ কেটে জমি ফাঁকা হলে এক রাতেই সেখানে ঘর ওঠে। ঘর তুলতে দুই হাজার থেকে ৩০ হাজার টাকা দিতে হয়। উপকূলীয় বন বিভাগ সূত্র এবং তজুমদ্দিন ও দৌলতখান বন বিভাগের দায়িত্বে থাকা রেঞ্জ কর্মকর্তা শাহরিয়ার খান জানান, ১৯৭৮-৮৯ সালে সর্বপ্রথম চর জহিরুদ্দিন বিটে ২০০ একর জমিতে শ্বাসমূলীয় বনায়ন শুরু হয়। এরপর প্রতিবছর বনায়ন বাড়তে থাকে। বর্তমানে চর জহিরুদ্দিন বিটে মোট বনায়নের পরিমাণ ১৬ হাজার ২৮৩ একর। এর মধ্যে সাড়ে তিন হাজার একর বনায়ন ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই কর্মকর্তা আরও জানান, ১০ বছর ধরে এই বন উজাড় হয়েছে।অনুসন্ধানে যাঁদের বিরুদ্ধে বনদস্যুতার অভিযোগ পাওয়া গেছে তাঁরা হলেন—তছলিম ডাক্তার, আলমগীর তালুকদার, আবুল কাশেম মাঝি, আবুল হাশেম মাঝি, অহিদ ডাক্তার, মনির মীর, সিরাজ, আবদুল মালেক, মিন্টু মাঝি, জাফর ডাক্তার, রফিজল প্রধান, সফি শিকদার, নাগর পাটওয়ারী, হান্নান পাটওয়ারী, দানু মাঝি, সিদ্দিকুর রহমান প্রমুখ। তাঁরাই ক্ষমতাসীনদের ছত্রচ্ছায়ায় বন উজাড় করে চলেছেন। এসব অভিযুক্ত বন ও ভূমিদস্যুর সবাইকে পাওয়া যায়নি। তবে চর নাসরিনের মালিকানা দাবি করে বন বিভাগের গাছ ও জমিতে লুটপাট চালাচ্ছেন নাগর পাটওয়ারী। তিনি দাবি করেন, ‘চর নাসরিনে আমাদের পৈতৃক জমি আছে। বন বিভাগ দখল করে বনায়ন করেছে।’ রেঞ্জ কর্মকর্তা শাহরিয়ার খান বলেন, ‘যে দল ক্ষমতায় আসে, সে দলের বড় নেতাদের ছত্রচ্ছায়ায় বন উজাড় হচ্ছে। জোট সরকারের সময় এই দস্যুদের নেতৃত্ব দিতেন সোনাপুরের চেয়ারম্যান হাফেজ বাবুল। এখন নেতৃত্ব দেন অহিদুল্যাহ জসিম।’ তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সোনাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান অহিদুল্যাহ জসিম প্রথম আলোকে বলেন, ‘বনদস্যুরা শুধু ক্ষমতাসীনদের ছত্রচ্ছায়ায় থাকে, এ অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। বন বিভাগ কী করে, তা সবারই জানা।’ চর জহিরুদ্দিনের বিট কর্মকর্তা মো. আইয়ুব আলী বলেন, ‘আমরা বন বাঁচানোর চেষ্টা করি। প্রভাবশালীরা হাতের ইশারায় গাছ কাটিয়ে পর্দার আড়ালে থাকেন, আমরা মাঠে যাকে পাই তার নামেই মামলা দিই।’ ভোলা জেলা বন বিভাগের উপপরিচালক মুহাম্মদ আবু সাঈদ আলী প্রথম আলোকে বলেন, ‘আমাদের জনবল অর্ধেকের নিচে চলে এসেছে। চর জহিরুদ্দিন বিটে ছয়জনের স্থলে কমপক্ষে ২৫ জন বনরক্ষী দরকার।’