সাড়ে তিন হাজার জনের সাজা, ২৭২৪টি মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত গত তিন মাসে ৯৬৬টি অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে ৩ হাজার ৪৩৩ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন। এসব ঘটনায় মামলা হয়েছে ২ হাজার ৭২৪টি। এ সময় আদালত ৪ কোটি ২৩ লাখ টাকা জরিমানা আদায় করেছেন।
ঢাকার জেলা প্রশাসন সূত্র বলেছে, ঢাকা জেলা প্রশাসনের অধীনে থাকা ৫৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়মিতভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। গত অক্টোবরে ভ্রাম্যমাণ আদালত রাজধানী ও এর আশপাশে ১২৪টি অভিযান চালিয়ে মাদক ব্যবসা ও মাদক সেবনে জড়িত থাকার দায়ে ১ হাজার ৪৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন। এসব ঘটনায় ৯১২টি মামলা দায়ের করা হয়। গত সেপ্টেম্বরে মামলা হয় ৮৭টি এবং আগস্টে ১৪৯টি মামলা হয়।
ঢাকার জেলা প্রশাসক মো. তোফাজ্জল হোসেন মিয়া প্রথম আলোকে বলেন, মানুষ ভ্রাম্যমাণ আদালতের দ্রুত বিচার প্রক্রিয়া পছন্দ করছেন। এ কারণে ভ্রাম্যমাণ আদালত জনপ্রিয় হয়ে উঠছে। ভ্রাম্যমাণ আদালত প্রতি মাসে ১২ থেকে ১৫টি বাল্যবিবাহ বন্ধ করে দিচ্ছেন। মানুষের চাহিদার কারণে ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকবে।
জেলা প্রশাসনের কর্মকর্তারা বলেন, বেশির ভাগ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে ভেজাল খাদ্য প্রতিরোধে বিশুদ্ধ খাদ্য অধ্যাদেশ, মোটরযান অধ্যাদেশ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, বিএসটিআই অধ্যাদেশ, ইভটিজিং রোধ ও বাল্যবিবাহ নিরোধ আইনে।
এ ছাড়া ঢাকা জেলা প্রশাসনের অধীনে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), র্যা ব, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), রাজউক, ওয়াসা, জ্বালানি ও খনিজ সম্পদ, বিমানবন্দর, সমুদ্র পরিবহন অধিদপ্তর, পরিবেশ অধিদপ্তর, সিটি করপোরেশন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) বিভিন্ন আইনে ভ্রাম্যমাণ আদালত চালিয়ে দায়ী ব্যক্তিদের সাজা দেওয়ার পাশাপাশি জরিমানাও করেছেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী ঢাকার দোহার উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. নুরুল করিম ভুঁইয়া বলেন, জেলা প্রশাসনের হিসাব অনুযায়ী গত তিন মাসে রাজধানী ও রাজধানীর বাইরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৪ কোটি ২২ লাখ ৭০ হাজার ৮২২ টাকা জরিমানা আদায় করেছেন। তিনি বলেন, ভ্রাম্যমাণ আদালতের অভিযানের কারণে খাবারে ভেজাল, ইভটিজিংসহ অনেক অপরাধ কমে গেছে।