সাড়ে তিন হাজার টাকায় সন্তান বিক্রি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গত শনিবার বিকেলে মাত্র সাড়ে তিন হাজার টাকায় একটি পুত্রসন্তান বিক্রির ঘটনা ঘটেছে। অভাবের সংসারে লালনপালন করতে পারবেন না ভেবেই মা-বাবা তাঁদের সন্তান বিক্রি করে দিয়েছেন।অনুসন্ধানে জানা গেছে, শ্রীমঙ্গল পৌর এলাকার ভানুগাছ সড়কে জরিনা বিবির বস্তিতে নিজঘরে ৮ ডিসেম্বর রোজিনা বেগম একটি পুত্রসন্তানের জন্ম দেন। জন্মের সময় ধাত্রী ছিলেন ওই বস্তির বাসিন্দা সুন্দরী বিবি। রোজিনার স্বামী মামুন মিয়া শ্রীমঙ্গলে রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন। তীব্র শীতের করণে কয়েক দিন থেকে রিকশা চালিয়ে আয়-রোজগার খুব একটা হচ্ছিল না। তাই গত শনিবার তাঁরা মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার দেওগাঁও গ্রামের এক নিঃসন্তান দম্পতির কাছে সাড়ে তিন হাজার টাকায় সন্তানটিকে বিক্রি করে দেন।গতকাল রোববার বাংলাদেশ প্রতিদিনসহ আরও দুটি পত্রিকায় প্রকাশিত সংবাদে বলা হয়, শ্রীমঙ্গলের মুক্তি মেডিকেয়ার ক্লিনিকে ১৬ ডিসেম্বর অস্ত্রোপচারের মাধ্যমে ওই সন্তানের জন্ম হয়। ক্লিনিকের বিল পরিশোধের জন্য মাত্র সাড়ে তিন হাজার টাকায় তাঁরা সন্তানটি বিক্রি করে দিতে বাধ্য হয়েছেন।শনিবার রাতে বস্তির নিজঘরে রোজিনা ও মামুন এ প্রতিবেদককে জানান, তাঁরা মূলত অভাবের তাড়নায় সন্তানটিকে বিক্রি করে দিয়েছেন। মামুন মিয়া বলেন, ‘কয়েক দিন ধইরা যে শীত পড়ছে। রিকশা চালাইয়া নিজের খাবার আনতাম পারছি না। বাইচ্চার লাগি শীতর কাপড়, দুধ কিনতাম কইতাকি? ওতার লাগি তারে বেচিলাইছি।’ রোজিনা বলেন, ‘আগেও একটা মাইয়া অইছিল, হেরে বাঁচাইতাম পারছি না। তারেও বাঁচাইতাম পারতামনা। এর লাগি সাড়ে তিন হাজার টাকায় বেচিলাইছি। হে বালা থাকব।’বস্তির মালিক জরিনা বিবি জানান, ডিসেম্বরের ৫ তারিখ মামুন ও রোজিনা ৫০০ টাকা মাসিক ভাড়ায় একটি কোঠা (কক্ষ) ভাড়া নিয়ে বস্তিতে ওঠেন। ৮ ডিসেম্বর ওই কোঠায়ই জরিনা পুত্রসন্তানের মা হন। প্রসবের সময় ধাত্রী ছিলেন বস্তির বাসিন্দা সুন্দরী বিবি। সন্তান জন্মের পর থেকে মা ও সন্তান দুজনই সুস্থ ছিল। সন্তান জন্মের আগে বা পরে তারা কোনো ক্লিনিক বা হাসপাতালে যায়নি। সন্তান বিক্রির পর তিনি ঘটনাটি জেনেছেন।শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নজীবুস শহীদ জানান, মুক্তি মেডিকেয়ারের রেকর্ড রেজিস্ট্রার তিনি দেখেছেন। ক্লিনিকটিতে ওই মা-বাবার কোনো সন্তান জন্ম নেয়নি।শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী জানান, সন্তান বিক্রির ঘটনাটি তিনি শুনেছেন। বিষয়টি কেন্দ্র করে ক্লিনিকের নাম জড়িয়ে কয়েকটি পত্রিকায় যে সংবাদ ছাপা হয়েছে, তা মিথ্যা। তিনি বলেন, বিচার-বিশ্লেষণ না করে পত্রিকায় সংবাদ প্রকাশ করা মোটেও উচিত হয়নি।