সাড়ে তিন হাজার দলিলে সই হয়নি
ফরিদপুরের মধুখালী সাব-রেজিস্ট্রি অফিসে তিন হাজার ৬০০ দলিলে স্বাক্ষর না দেওয়ায় ভোগান্তির মধ্যে পড়েছেন এলাকার জমি ক্রেতারা। দলিলগুলো গ্রহণকারী রেজিস্ট্রার বদলি হয়ে যাওয়ার আগে স্বাক্ষর না করায় সেগুলো সরবরাহ করা যাচ্ছে না। বর্তমান রেজিস্ট্রার শাহ আবদুল আরিফ জানান, ওই দলিলে ওই সময়ের রেজিস্ট্রারকেই স্বাক্ষর দিতে হবে।মধুখালী সাব-রেজিস্ট্রি অফিসে গিয়ে জানা গেছে, ২০০৮ সালের ৩৭০১ থেকে ৪০৩২ ক্রমিক নম্বর পর্যন্ত ও ২০০৯ সালের ১ ক্রমিক নম্বর থেকে ৩১৪৮ ক্রমিক নম্বর পর্যন্ত মোট তিন হাজার ৪৭৮টি দলিল স্বাক্ষর না হয়ে পড়ে আছে। ওই সময় মধুখালীর সাব-রেজিস্ট্রার ছিলেন আবু বক্কর মো. খাইরুজ্জামান। তিনি ২০০৬ সালের ৪ মে মধুখালীর সাব-রেজিস্ট্রার হিসেবে যোগ দেন এবং ২০০৯ সালের ২৯ অক্টোবর মধুখালী ত্যাগ করেন। এ কর্মস্থল ত্যাগ করার আগে তিনি ওই দলিলগুলোতে স্বাক্ষর না করায় এবং বালাম বইয়ে (যে বইয়ের মূলে মূল দলিলগুলো কপি করা হয়) তুলে না যাওয়ায় সেগুলো দলিল হিসেবে আইনগত কোনো বৈধতা পায়নি। এ কারণে গ্রহীতাদের কাছে দেওয়া যাচ্ছে না। বালাম বইয়ে না তোলায় দলিলের কোনো নকল কপিও গ্রাহককে দেওয়া যাচ্ছে না।ভুক্তভোগী গ্রাহক ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির অধ্যাপক আবদুল মান্নান বলেন, ‘২০০৮ ও ২০০৯ সালে আমি মধুখালী সাব-রেজিস্ট্রি অফিসের মাধ্যমে কবলামূলে দুটি দলিল করি। দুই বছরে দলিল না পাওয়ায় বিভিন্ন কাজে আমি মারাত্মক সমস্যার মুখে পড়েছি। একাধিকবার অফিসে ধরনা দিয়েও কোনো প্রতিকার পাচ্ছি না।’বর্তমান সাব-রেজিস্ট্রার শাহ আবদুল আরিফ বলেন, ‘বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। ভুক্তভোগীরা মহাসংকটে পড়েছেন। প্রতিদিনই ১৫-২০ জন এ ব্যাপারে আমার কাছে জানতে আসেন। আমি কোনো উত্তর দিতে পারি না। প্রতিটি দলিলে প্রায় ১২টি করে স্বাক্ষর করতে হবে। আমি বিষয়টি নিয়ে জেলা রেজিস্ট্রার ও মহাপরিদর্শকের সঙ্গে আলোচনা করেছি।’সাব-রেজিস্ট্রার আ ব ম খাইরুজ্জামান মুঠোফোনে প্রথম আলোকে জানান, ‘আমি বর্তমানে মাদারীপুরের রাজৈরে কর্মরত আছি। বাড়তি হিসেবে নগরকান্দায় খণ্ডকালীন দায়িত্ব পালন করছি।’ তিনি তিন সহস্রাধিক দলিলে স্বাক্ষর না করার কথা স্বীকার করে বলেন, ‘মধুখালী থেকে আসার আগে আমি দুই মাস অসুস্থ থাকায় দলিলগুলোতে স্বাক্ষর দিতে পারিনি। আমি আগামী সপ্তাহে ছুটি নিয়ে মধুখালীতে গিয়ে দলিলগুলোতে স্বাক্ষর করে দেব।’