সাড়ে নয় হাজার গ্রাহক ১২ দিন ধরে অন্ধকারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘূর্ণিঝড় মহাসেনের পর ১২ দিন পার হলেও বিদ্যুৎ সরবরাহ চালু না হওয়ায় বরগুনা সদর, বেতাগী ও তালতলী উপজেলায় পল্লী বিদ্যুতের প্রায় সাড়ে নয় হাজার গ্রাহক অন্ধকারে আছেন। এতে একদিকে যেমন তাঁদের ভোগান্তি পোহাতে হচ্ছে, তেমনি ব্যবসাপ্রতিষ্ঠান চালু করতে না পারায় অনেককে লোকসান গুনতে হচ্ছে। ফলে ভুক্তভোগীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এসব এলাকার বিদ্যুৎ সরবরাহ চালু করতে আরও সপ্তাহ খানেক লাগতে পারে বলে জানিয়েছেন পল্লী বিদ্যুতের কয়েকজন কর্মকর্তা। স্থানীয় সূত্রে জানা গেছে, ঘূর্ণিঝড় মহাসেনের আঘাতে ১৬ মে রাতে জেলার বিভিন্ন স্থানে অসংখ্য গাছ ভেঙে বিদ্যুতের মূল সরবরাহ লাইনের ওপর পড়ে। এতে তার ছিঁড়ে যায় এবং অনেক খুঁটি উপড়ে পড়ে। পাথরঘাটা, বামনা, আমতলীতে বিদ্যুৎ সরবরাহ ১৮ মে চালু করা গেলেও পল্লী বিদ্যুতের আওতায় বরগুনা সদর ও বেতাগীর প্রায় ছয় হাজার এবং তালতলীর সাড়ে তিন হাজার গ্রাহক এখনো বিদ্যুৎবিহীন রয়েছেন। বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা গেছে, পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ কোম্পানির (ওজোপাডিকো) আওতায় বরগুনা শহরে ১১ হাজার, বরগুনা সদর ও বেতাগী উপজেলায় পল্লী বিদ্যুতের ১৯ হাজার এবং তালতলীর সাতটি ইউনিয়নে পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির সাড়ে তিন হাজার গ্রাহক আছেন। তালতলীর সাতটি ইউনিয়নের এই সাড়ে তিন হাজার গ্রাহক গতকাল সোমবার পর্যন্ত বিদ্যুৎবিহীন ছিলেন।সদর উপজেলার চালিতাতলা গ্রামের গ্রাহক গিয়াস উদ্দীন বলেন, ‘১২-১৩ দিন ধরে বিদ্যুৎ না থাকায় আমাদের স্বাভাবিক জীবনযাত্রা থমকে আছে। ঝড়ে ক্ষতিগ্রস্ত লাইন মেরামতের কাজ চলছে ঢিমেতালে। প্রতিদিন বিদ্যুতের খবর জানতে আমরা পল্লী বিদ্যুতের কার্যালয়ে ধরনা দিই। কিন্তু কবে নাগাদ বিদ্যুৎ আসবে, তা নিশ্চিত করে বলতে পারছেন না সংশ্লিষ্ট ব্যক্তিরা।’পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির তালতলী অভিযোগ কেন্দ্রের দায়িত্বে থাকা মনিরুজ্জামান গতকাল বলেন, ‘আমরা ১৫ জন কর্মী নিয়ে দিন-রাত কাজ করছি। আশা করি, তিন-চার দিনের মধ্যে বিদ্যুৎ সরবরাহ সচল করা যাবে।’ পল্লী বিদ্যুৎ বরগুনার আঞ্চলিক (বরগুনা ও পটুয়াখালীর মির্জাগঞ্জ) কার্যালয়ের উপমহাব্যবস্থাপক সাইফুল আলম গতকাল দাবি করেন, বরগুনায় তাঁদের ১৯ হাজার গ্রাহকের মধ্যে ৮০ শতাংশের বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা গেছে। তিনি জানান, প্রত্যন্ত এলাকায় এখনো ২০টি খুঁটি উপড়ে আছে। সেসব মেরামত করে ওই সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে আরও এক সপ্তাহ লাগতে পারে। কাজে ধীরগতির বিষয়ে সাইফুল আলম বলেন, ‘আমাদের মাত্র ১২ জন লোক দিয়ে এত বড় একটি এলাকার কাজ চালাতে হচ্ছে। তার ওপর প্রতিদিন ঝড়-বৃষ্টি, জলাবদ্ধতার কারণে দুর্গম এলাকায় এসব লাইনে কাজ করা যাচ্ছে না। আমরা প্রধান কার্যালয়ের কর্মকর্তাদের কাছে লোকবল বাড়ানোর অনুরোধ করে চিঠি দিয়েছি।’