দেশের নিবন্ধিত সাড়ে নয় হাজার নৌযান জরিপের জন্য জরিপকারক মাত্র দুজন। এঁদের মধ্যে একজন একাই ঢাকা, নারায়ণগঞ্জ ও বরিশাল—এই তিনটি বন্দরের দায়িত্ব পালন করছেন। অন্যজন খুলনায় নিয়োজিত। চট্টগ্রামের মতো গুরুত্বপূর্ণ নৌকেন্দ্রে কাজ চালানো হচ্ছে অন্য একটি দপ্তরের লোক দিয়ে। এ অবস্থার মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে নৌ-নিরাপত্তা সপ্তাহ।১০ বছরে নিয়োগ হয়নিসমুদ্র পরিবহন অধিদপ্তর সূত্র জানায়, লঞ্চ দুর্ঘটনায় শত শত যাত্রী মারা গেলেও ১০ বছর ধরে নতুন কোনো নৌযান জরিপকারক নিয়োগ দেওয়া হয়নি। ২০০০ সালে সদরঘাটের জরিপকারক কর্মরত থাকা অবস্থায় মারা যান এবং নারায়ণগঞ্জের জরিপকারক অবসর নেন। এরপর আর নতুন নিয়োগ দেওয়া হয়নি। তিন বছর আগে নিয়োগের উদ্যোগ নেওয়া হলেও বিষয়টি আটকে আছে।একা তিন জায়গায় কাজসমুদ্র পরিবহন অধিদপ্তরের কর্মকর্তা মো. ফখরুল ইসলামকে তিনটি কার্যালয়ের জরিপকারকের দায়িত্ব পালন করতে হয়। এর বাইরে তিনি প্রধান প্রকৌশলী, অধিদপ্তরের প্রধান পরীক্ষক ও অভ্যন্তরীণ নৌ-নিরাপত্তা প্রশাসনের প্রধান কর্মকর্তা। অর্থাৎ একই ব্যক্তিকে ছয়টি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হচ্ছে।গত বছর এমভি কোকো-৪ ডুবে ৮১ জন যাত্রীর প্রাণহানির পর তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে ঘটনার এক মাস আগে ওই লঞ্চ পরীক্ষাকারী সদরঘাটের জরিপকারক নাজমুল হককে পদ থেকে সরিয়ে দেওয়া হয়। এ পরই মো. ফখরুল ইসলামকে বরিশাল ও নারায়ণগঞ্জের পাশাপাশি ঢাকা সদরঘাটেরও দায়িত্ব নিতে হয়।কয়েকজন কর্মকর্তা বলেছেন, প্রধান প্রকৌশলীর দায়িত্ব পালন করার পর স্বাভাবিকভাবেই ফখরুল ইসলামের হাতে সময় থাকে কম। ঢাকা বা নারায়ণগঞ্জে জরিপকাজের কিছু সময় পেলেও বরিশালে পরিদর্শকদের দিয়েই তাঁর কাজ চালাতে হয়। মো. মারুফ নামের একজন পরিদর্শক সে দায়িত্ব পালন করেন বলে জানা যায়। জরিপকারক সরেজমিনে না গিয়ে তথ্যগত পরীক্ষা করেন।যোগাযোগ করা হলে মো. ফখরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমি মূলত প্রধান প্রকৌশলী। ছয়টি পদে আছি, এটা বলা ঠিক হবে না। তবে অতিরিক্ত দায়িত্ব পালন করছি।’ তবে ফখরুল ইসলাম স্বীকার করেন, একই ব্যক্তির এত অতিরিক্ত দায়িত্ব পালনের বিষয়টি অস্বাভাবিক। তাঁর মতে, অধিদপ্তরে অবশ্যই আরও দুজন জরিপকারক ও প্রধান পরীক্ষক নেওয়া জরুরি। উপযুক্ত লোক পাচ্ছি না: মন্ত্রীএ বিষয়ে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমরা উপযুক্ত লোক পাচ্ছি না। জরিপকারক পদে নিয়োগ দেওয়া যাচ্ছে না হাইকোর্টের মামলার কারণে।’ সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে বলে তিনি জানান। খুলনা মার্কেন্টাইল মেরিন বিভাগে কর্মরত সমুদ্রগামী জাহাজের জরিপকারী শফিকুল ইসলামকে বরিশালে এবং খুলনার জরিপকারী মঈনুদ্দিন জুলফিকারকে নারায়ণগঞ্জে বদলি করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা হচ্ছে বলে একটি সূত্রে জানা গেছে।নিয়োগবিধির বাধ্যবাধকতা: নিয়োগবিধি অনুযায়ী নৌ-স্থপতিদের মধ্য থেকেই জরিপকারক নিয়োগ দিতে হয়। উপযুক্ত নৌ-স্থপতির অভাব থাকলে নৌ-প্রকৌশলী নিয়োগ দেওয়া যায়। তবে তাঁকে হতে হবে সরকারি প্রতিষ্ঠানের প্রকৌশলী। গত বছর একজন নৌ-স্থপতি বিধিমতো নিয়োগের দাবিতে হাইকোর্টে রিট আবেদন করেন। গত ২ জানুয়ারি দুজন জরিপকারককে নিয়োগ দেওয়া হলেও মামলার কারণে তা বাতিল হয়ে যায়। কারণ, এঁদের একজন করপোরেশনের মেরিন প্রকৌশলী ছিলেন।