হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গতকাল শনিবার ভোরে সাড়ে পাঁচ কেজি সোনা, ৮৬ হাজার দিরহাম ও সাড়ে ৩৩ হাজার রুপিসহ দুই ভারতীয়কে আটক করেছে শুল্ক বিভাগ। একই দিন চট্টগ্রাম রেলস্টেশনে এক ব্যক্তির কাছ থেকে ২৬ লাখ টাকার পাঁচটি স্বর্ণবার জব্দ করেছে পুলিশ।
হজরত শাহজালাল বিমানবন্দর সূত্র জানায়, আটক দুই ভারতীয় হলেন দীনেশ মঙ্গিলাল ও জিগনেশ কুমার সুরেশ। উদ্ধার করা স্বর্ণবারের মধ্যে এক কেজির পাঁচটি ও আধা কেজির একটি বার রয়েছে।
বিমানবন্দরের শুল্ক কর্মকর্তারা জানান, ভোর চারটার দিকে দুবাই-ঢাকা-কলকাতা পথের ইতিহাদ এয়ারওয়েজের একটি বিমান বিমানবন্দরে অবতরণ করে। এ সময় ওই দুজনের গতিবিধি সন্দেহজনক হলে তাঁদের দেহ ও ব্যাগ তল্লাশি করে স্বর্ণবার, দিরহাম ও রুপি উদ্ধার করা হয়।
এদিকে চট্টগ্রাম রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. নুরুল ইসলাম জানান, সকালে রেলস্টেশনে সন্দেহজনকভাবে ঘোরাঘুরির সময় শফিকুর রহমান নামের এক ব্যক্তির কাছে থাকা নোট বইয়ের ভেতর থেকে পাঁচটি স্বর্ণবার টেপ মোড়ানো অবস্থায় জব্দ করা হয়। স্বর্ণবারগুলোর ওজন ৫৮৩ গ্রাম।
শফিকুরের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়ায়। তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে।