সাড়ে পাঁচ কেজি হেরোইন উদ্ধার
বেনাপোলের সাদিপুর সীমান্ত থেকে সাড়ে পাঁচ কিলোগ্রাম (কেজি) হেরোইন উদ্ধার করা হয়েছে। গত বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ২২ ব্যাটালিয়নের একটি দল অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করে। এ ব্যাপারে বেনাপোল বন্দর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।বিজিবির বেনাপোল তল্লাশি চৌকির ( ইমিগ্রেশন চেকপোস্ট) নায়েব সুবেদার নজরুল ইসলাম প্রথম আলোকে জানান, সাদিপুর সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ মাদক আসছে—এমন সংবাদের ভিত্তিতে সেখানে অবস্থান নেওয়া হয়। ভারত থেকে সীমান্ত পার হয়ে বাংলাদেশে প্রবেশ করার সঙ্গে সঙ্গে দুজন মাদক পাচারকারীকে ধাওয়া করা হয়। এ সময় তাঁরা পুরোনো গামছায় প্যাঁচানো একটি প্যাকেট ফেলে পালিয়ে যান। ওই প্যাকেটের মধ্যে সাড়ে পাঁচ কেজি ওজনের ছোট সাতটি হেরোইনের প্যাকেট পাওয়া যায়।২২ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার হাসিব আলম জানান, উদ্ধার করা হেরোইনের নমুনা পরীক্ষার জন্য মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের গবেষণাগারে পাঠানো হবে।