সাড়ে পাঁচ কোটি টাকার সড়ক দুই বছরেই বেহাল

দুই বছর আগে প্রায় সাড়ে পাঁচ কোটি টাকা ব্যয়ে নড়াইল-লোহাগড়া-কালনা সড়কটি কার্পেটিং করা হয়। তবে দুই বছর যেতে না-যেতেই সড়কটি বেহাল হয়ে পড়েছে। সড়কটি এখন জনদুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
নড়াইল সড়ক ও জনপথ (সওজ) কার্যালয় সূত্রে জানা গেছে, ১৯ কিলোমিটার নড়াইল-কালনা সড়কটি কার্পেটিং করতে আড়াই বছর আগে প্রায় সাড়ে পাঁচ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। ১৮ ফুট চওড়া এই সড়কটিতে ৪০ মিলিমিটার পুরু কার্পেটিং করার কথা ছিল। এ ছাড়া গর্তগুলো পাথর ও বালু দিয়ে ভরাট করে তার ওপর কার্পেটিং করার কথা কার্যাদেশে বলা ছিল। ঠিকাদারি প্রতিষ্ঠান পাবনার মেসার্স শফিক ট্রেডার্স এ কাজ পায়। ২০১৩ সালের জুন মাসে এ কাজ শেষ হয়।
গতকাল মঙ্গলবার সরেজমিনে দেখা যায়, সড়কটির বিভিন্ন অংশ চাষ দেওয়া খেতের মতো হয়ে গেছে। কোথাও কোথাও বড় বড় গর্ত। বিভিন্ন স্থানে পিচ ও ছোট ছোট ইট-পাথরের টুকরা উঠে ছড়িয়ে পড়েছে চারদিকে। কোথাও কোথাও পিচের অস্তিত্ব নেই। বিভিন্ন জায়গায় দেখা দিয়েছে ফাটল।
সড়কের পাশের বাসিন্দারা বলেন, কাজ শেষ হওয়ার কদিন যেতে না-যেতেই এর পিচ-খোয়া উঠতে থাকে। দিন দিন সড়কটি আরও খারাপ হচ্ছে। প্রায়ই ঘটছে দুর্ঘটনা। সড়কের পিচ উঠে ধুলা বেড়েছে। ধুলার কারণে সড়কের পাশের বাসিন্দাদের খুবই দুর্ভোগ পোহাতে হয়। তাঁরা অভিযোগ করেন, সড়কে ৪০ মিলিমিটার পুরু পিচ ঢালার কথা ছিল। তবে বেশির ভাগ জায়গায় অর্ধেকেরও কম পুরু করে পিচ ঢালা হয়। এ ছাড়া গর্তগুলোতে পাথর ও বালু দিয়ে ভরাট না করে বেশির ভাগ জায়গায় শুধু বালু বা ইট দিয়ে ভরাট করা হয়। সড়কের উভয় পাশে মাটি ভরাট করার কথা থাকলেও তা করা হয়নি।
স্থানীয় বাসিন্দা বসুপটি গ্রামের ফারুক শেখ বলেন, নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগে কাজ চলাকালীন স্থানীয় জনতা সড়কের বিভিন্ন এলাকায় বিক্ষোভ ও সড়ক অবরোধ করে প্রতিবাদ জানিয়েছেন। তখন প্রশাসনের আশ্বাসে কাজ চলতে থাকে।
ট্রাকচালক মাহাবুবুর রহমান বলেন, বেনাপোল স্থলবন্দর থেকে ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জায়গায় যেতে এই সড়কটি ব্যবহার করা হয়। গুরুত্বপূর্ণ এই সড়কের বেহাল দশায় প্রাণের ঝুঁকি নিয়ে চলতে হয়। শরিফুল ইসলাম নামের একজন বাসচালক বলেন, খানাখন্দ তো আছেই, বিপরীত দিক থেকে কোনো গাড়ি এলে ধুলার কারণে সমানে কিছু দেখা যায় না। ২০ মিনিটের জায়গায় সড়কটি পার হতে প্রায় এক ঘণ্টা লাগে।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ও নড়াইল জেলার সাধারণ সম্পাদক সাদেক আহমেদ খান বলেন, এই সড়ককে চলাচলের উপযোগী করার জন্য পাঁচ-ছয় বছর ধরে আন্দোলন-সংগ্রাম করা হয়। এরপর মেরামতের জন্য ওই বরাদ্দ হয়। এখন আবার আগের অবস্থা।
সওজ নড়াইলের নির্বাহী প্রকৌশলী তাপসী দাস প্রথম আলোকে বলেন, কাজ নিম্নমানের হয়নি। জনপ্রতিনিধিদের চাপে দ্রুত কাজ শেষ করতে ওই বছর জুন মাসে বর্ষা-বৃষ্টির মধ্যে মেরামতকাজ করায় কাজে কিছু সমস্যা হয়েছিল। আবার মেরামতের জন্য বরাদ্দের প্রক্রিয়া চলছে।