নীলফামারীর সৈয়দপুর বিদ্যুৎ সরবরাহ দপ্তরের আবাসিক প্রকৌশলীর (নির্বাহী) বিরুদ্ধে পাঁচ কোটি ৪৮ লাখ ৬৫ হাজার টাকার আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে।২০১০-১১ অর্থবছরে আবাসিক প্রকৌশলীর অধীন বিভাগে অডিট অধিদপ্তরের নিরীক্ষায় এই আর্থিক অনিয়মের বিষয়ে আপত্তি জানানো হয়েছে।সূত্র জানায়, গত অর্থবছরে সৈয়দপুর বিদ্যুৎ সরবরাহকেন্দ্রের পাঁচটি খাত নিরীক্ষা করে অডিট অধিদপ্তরের সংশ্লিষ্ট দপ্তর। নিরীক্ষায় দেখা গেছে, শিল্পপ্রতিষ্ঠানের পাঁচজন গ্রাহক লোডের বিপরীতে অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহার করেছেন। চুক্তি ভঙ্গের দায়ে এসব গ্রাহকের কাছ থেকে জরিমানাসহ দ্বিগুণ হারে বিল আদায় করার কথা। কিন্তু সংশ্লিষ্ট বিভাগ বিধি না মেনে বিল আদায় করায় সরকারের ১০ লাখ ৮৩ হাজার টাকা রাজস্ব ক্ষতি হয়েছে।এ ছাড়া বিদ্যুৎ সরবরাহ ও বিলের গড়মিলের কারণে ৬০ লাখ ২০ হাজার টাকা কম আদায় হয়েছে। ভান্ডার বিভাগের নিরীক্ষায় বিভিন্ন সরঞ্জামের সংশ্লিষ্ট কাগজপত্র পায়নি নিরীক্ষা দল। এ খাতে সরকারের আর্থিক ক্ষতি হয়েছে চার কোটি ৬১ লাখ ৫৩ হাজার টাকা। একইভাবে মালামাল কেনার ক্ষেত্রে আট লাখ ৩৬ হাজার টাকা অপচয় হয়েছে।সূত্রমতে, সৈয়দপুর বিদ্যুৎ সরবরাহ দপ্তরের সাতজন কর্মকর্তার কেউ কেউ সরকারি বাসায় থেকেও প্রতিমাসে পুরো বাড়িভাড়ার ভাতা নিচ্ছেন। এই খাতে সরকারের ক্ষতি হয়েছে সাত লাখ ৭২ হাজার টাকা। নিরীক্ষায় এসব আর্থিক অনিয়মের জন্য দায়ী করা হয়েছে বিদ্যুৎ সরবরাহ দপ্তরের আবাসিক প্রকৌশলী (নির্বাহী) রফিকুল ইসলামকে। নিরীক্ষায় পাওয়া হিসাবের ব্যাপারে আপত্তিগুলো বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের সচিবকে গত ৩ মে চিঠি দিয়ে জানিয়েছে অডিট অধিদপ্তর। ইতিমধ্যে মন্ত্রণালয়ের পক্ষ থেকে সংশ্লিষ্ট দপ্তরকে এক মাসের মধ্যে জবাব পাঠাতে নির্দেশ দিয়েছেন বিদ্যুৎ সচিব।আর্থিক অনিয়ম ও অডিট আপত্তির সত্যতা স্বীকার করে সৈয়দপুর বিদু্যুৎ সরবরাহ দপ্তরের আবাসিক প্রকৌশলী গত শুক্রবার বলেন, নিরীক্ষায় আপত্তির বিষয়টি যথাযথ হয়নি। তাঁর দপ্তরে আর্থিক অনিয়মের কোনো ঘটনা ঘটেনি। এ ব্যাপারে বিস্তারিত জবাব সংশ্লিষ্ট দপ্তরে পৌঁছালে আপত্তিগুলোর নিষ্পত্তি হবে বলে তিনি দাবি করেন।