সাড়ে পাঁচ কোটি টাকার সড়ক কাজে আসছে না
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তাদের অবহেলার কারণে বগুড়ার ধুনটে সাড়ে পাঁচ কোটি টাকা ব্যয়ে নির্মিত সাড়ে সাত কিলোমিটার দীর্ঘ সোনাহাটা-বাগবাড়ী পাকা সড়ক কোনো কাজে লাগছে না।এই সড়কের ২০ মিটার এলাকার দুই ব্যক্তির জমি অধিগ্রহণ না করায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।ধুনট উপজেলা এলজিইডি অফিস সূত্রে জানা গেছে, ২০০৪-০৫ অর্থবছরে পাঁচ কোটি ৪৫ লাখ টাকা ব্যয়ে সাড়ে সাত কিলোমিটার দীর্ঘ সোনাহাটা-বাগবাড়ী সড়ক পাকা করার কাজ শুরু হয়। ২০০৭ সালে কাজ শেষ করার কথা থাকলেও অতিরিক্ত সময় নিয়ে ২০১১ সালের জানুয়ারি মাসে শেষ হয়। কিন্তু নিমগাছি গ্রামের কাছে সড়কের ২০ মিটার এলাকা দুই ব্যক্তির দখলে থাকায় পাকা করা যায়নি। সড়কের দক্ষিণ পাশে আবদুর রহমান আধাপাকা ঘর এবং উত্তর পাশে বিধবা মেরিনা টিনের ঘর তুলে দখলে নিয়েছেন। এ নিয়ে উপজেলা প্রকৌশলীরা এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে ওই দুজনের সঙ্গে একাধিকবার বৈঠক করেও রাস্তা থেকে তাঁদের ঘর সরাতে পারেননি।মেরিনা বলেন, ‘আবদুর রহমান আগে থেকে রাস্তা দখল করে ঘর নির্মাণ করেছেন। এখন রাস্তা বড় করায় তাঁর ঘর রাস্তার মধ্যে পড়েছে। সরকারি লোক এবং ঠিকাদার ওই ঘর না সরিয়ে আমার জায়গা দিয়ে রাস্তা করার চেষ্টা করেন। এ কারণে আমি আদালতে তাঁদের বিরুদ্ধে মামলা করেছি।’আবদুর রহমান বলেন, ‘রাস্তা পাকা করার আগেই আমি সেখানে আধাপাকা ঘর নির্মাণ করে বাস করছি। আমার জায়গা অধিগ্রহণ করা হয়নি। মাত্র দুই শতক জমি অধিগ্রহণ করে আমাকে ১১ হাজার টাকা দিয়েছে। এর পরও বেশির ভাগ রাস্তাই আমার জমির মধ্যে পড়েছে। রাস্তার উত্তর পাশের জমির মালিক মেরিনা জমি দেওয়ার কথা বলে ৮০ হাজার টাকা নিয়েছেন। এখন রাস্তার জন্য জমি না দিয়ে আমাদের বিরুদ্ধে মামলা করেছেন।’নিমগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুজাউদ্দৌলা রিপন বলেন, ‘সড়ক নির্মাণ নিয়ে অনেক দিন ধরেই প্রশাসনের লোকজন, ঠিকাদারসহ আমি সমস্যা মেটানোর চেষ্টা করেছি। কিন্তু এখন পর্যন্ত কোনো সমাধানে আসতে পারছি না। এখন ২০ মিটার রাস্তার সমস্যার কারণে পুরো রাস্তাই জনগণের কাজে আসছে না।’ ঠিকাদার আতিকুর রহমান বলেন, ‘সড়ক পাকা করার নির্মাণসামগ্রী না পাওয়ার কারণে কাজ করতে কিছুটা দেরি হয়েছে। এখন রাস্তার কাজ শেষ করেও মাত্র ২০ মিটার কাজের জন্য শেষ বিল তুলতে পারছি না। দুই পাশের লোকজনের কারণে আমাকে কয়েক লাখ টাকার লোকসান গুনতে হয়েছে। তাও সামান্য রাস্তা নিয়ে ঝামেলায় শেষ করতে পারছি না।’ধুনট উপজেলা প্রকৌশলী মোস্তাক হোসেন বলেন, রাস্তা পাকাকরণের আগেই দুই পাশের জায়গা অধিগ্রহণ নিয়ে জটিলতা হয়েছে। অবশ্যই এ বছরের ডিসেম্বরের মধ্যেই কাজ শেষ করতে হবে।বগুড়া জেলা নির্বাহী প্রকৌশলী সুশীল কুমার দাস বলেন, ‘সড়কের দুই পাশে জমি অধিগ্রহণের সময় নকশায় সামান্য ত্রুটি ছিল। এ কারণে পাশের জমির মালিকেরা জায়গা ছেড়ে না দেওয়ায় সমস্যা হয়েছে। আমরা কেউ অবহেলা করছি না। চেষ্টা করছি আগামী ডিসেম্বরের মধ্যেই কাজ শেষ করে দেব।’