সাড়ে পাঁচ মাস পর কবর থেকে গৃহবধূর লাশ উত্তোলন
চট্টগ্রামে সাড়ে পাঁচ মাস পর কবর থেকে এক গৃহবধূর লাশ তোলা হয়েছে। তাঁর নাম লুবনা আক্তার। গতকাল মঙ্গলবার দুপুরে নগরের মিসকিন শাহ মাজারসংলগ্ন কবরস্থান থেকে লাশটি তোলা হয়। পরে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। সেখান থেকে বিকেলে আবার লাশটি দাফন করা হয়।
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চট্টগ্রামের পরিদর্শক (গণমাধ্যম) সন্তোষ চাকমা প্রথম আলোকে জানান, গত ১৬ জুলাই নগরের চকবাজার এলাকায় শ্বশুরবাড়িতে দুই সন্তানের জননী লুবনা আক্তারের অস্বাভাবিক মৃত্যু হয়। ৬ নভেম্বর নিহতের মা রেহেনা সুলতানা বাদী হয়ে এটিকে আত্মহত্যা নয়, পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করে আদালতে মামলা করেন। আদালত পিবিআইকে তদন্তের নির্দেশ দেন। ১৫ ডিসেম্বর আদালত কবর থেকে লাশ উত্তোলন করে ময়নাতদন্তের নির্দেশ দেন। আদালতের নির্দেশনা অনুযায়ী একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মিসকিন শাহ মাজার-সংলগ্ন কবরস্থান থেকে নিহত লুবনার লাশ উত্তোলন করা হয়।