গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার রামভদ্র খানাবাড়ি গ্রামে গত শনিবার রাতে যৌথ বাহিনীর সঙ্গে জামায়াত-শিবিরের সংঘর্ষের ঘটনায় সুন্দরগঞ্জ থানায় মামলা হয়েছে।
গত রোববার রাতে করা এই মামলায় ৬৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা সাড়ে পাঁচ হাজার জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে গত দুই দিনে নয়জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রামবাসীর অনেকে অভিযোগ করেন, শনিবার রাতে সংঘর্ষের সময় পুলিশ তাঁদের ঘরবাড়ি ভাঙচুর করে। গতকাল বেলা ১১টায় গ্রামে ঢুকতেই দেখা হলো এক বৃদ্ধের সঙ্গে। তিনি বললেন, ‘বাবা, এই দ্যাকেন না, হামার ঘরের জিনিসপতরো পুলিশের নোকজন ভাঙি ফেলাচে।’ আরেকজন অভিযোগ করে বলেন, ‘যারা বাড়ির জিনিসপতরো ভাঙলো, তারা দোষী-অদোষী সবাইকে যে গেরেফতার করব্যার নোয়ায় তার বিশ্বাস কী। তাই গয়ের সবাই পলে গেচে।’
তবে এই অভিযোগ অস্বীকার করে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, গতকাল জামায়াতের কর্মী আলম মিয়া, রেজাউল করিম, রায়হান আলী ও শিবিরের কর্মী জুয়েলকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশ ও গ্রামবাসীদের সূত্রে জানা গেছে, শনিবার রাত ১২টার দিকে গত বছরের ২৮ ফেব্রুয়ারি পুলিশ হত্যা ও নাশকতা মামলার আসামি ধরতে রামভদ্র খানাবাড়ি গ্রামে যায় পুলিশ। পরে স্থানীয় জামায়াত নেতা শাহাজাহান ওরফে ভুট্টু, আল-আমিন ও মফিজুল হককে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়ার সময় জামায়াত-শিবিরের একদল কর্মী তাঁদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় সংঘর্ষে ২৪ জন পুলিশ সদস্যসহ অন্তত ৪৫ ব্যক্তি আহত হন।
রাতে সংঘর্ষ: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়নের বাসুদেবপুর বাজারে গতকাল রাতে পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ২৭ রাউন্ড শটগানের ফাঁকা গুলি ছোড়ে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সন্ধ্যা সাতটার দিকে বাসুদেবপুর বাজারে আওয়ামী লীগের কয়েকজন কর্মীকে মারধর করেন জামায়াত-শিবিরের কর্মীরা। পরে তাঁরা বাসুদেবপুর গ্রামে ছাত্রলীগের কর্মী সাজু মিয়ার বাড়িতে হামলা করে ভাঙচুর চালান। এতে বাধা দিলে স্থানীয় আওয়ামী লীগ-ছাত্রলীগের কর্মীদের সঙ্গে জামায়াত-শিবিরের কর্মীদের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়। পরে পুলিশ এলে তাদের ওপরও হামলা চালায় জামায়াত-শিবির।