সাড়ে পাঁচ হাজার ইয়াবা বড়িসহ তিনজন গ্রেপ্তার
চট্টগ্রামে পৃথক দুটি এলাকায় অভিযান চালিয়ে সাড়ে পাঁচ হাজারটি ইয়াবা বড়ি উদ্ধার করেছে র্যাব। এসব বড়ি কেনাবেচার সঙ্গে জড়িত তিন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।র্যাব জানিয়েছে, গত শুক্রবার রাতে ডবলমুরিং থানাধীন দেওয়ানহাট মোড়ে অবস্থিত মেট্রোপার্ক নামের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তিন হাজার ইয়াবা বড়িসহ মো. জহির (৫১) ও মো. ইলিয়াস (২৬) নামের দুই সহোদরকে গ্রেপ্তার করা হয়। তাঁদের বাড়ি টেকনাফের কাইয়ুবখালী এলাকায়।র্যাবের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হোটেলের দ্বিতীয় তলার ১১৭ নম্বর কক্ষে অভিযান চালিয়ে দুই সহোদরকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে উদ্ধারকৃত বড়ির দাম আনুমানিক ১২ লাখ টাকা। দীর্ঘদিন ধরে তাঁরা ইয়াবা ব্যবসা করে আসছিলেন বলে র্যাবের কাছে স্বীকার করেছেন। এ ব্যাপারে ডবলমুরিং থানায় একটি মামলা হয়েছে।একই রাতে নগরের জলসা সিনেমা এলাকায় অভিযান চালিয়ে মো. আমিন (২৫) নামের এক ব্যক্তিকে ২৫০৫টি ইয়াবা বড়িসহ গ্রেপ্তার করেছে র্যাব। আমিনের বাড়ি সাতকানিয়ার দেওদিঘি এলাকায়। এ ব্যাপারে কোতোয়ালি থানায় একটি মামলা হয়েছে।