সাড়ে পাঁচ হাজার কোটি টাকায় জলাবদ্ধতা নিরসনের স্বপ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরামর্শক নিয়োগ, নকশা প্রণয়ন এবং ঠিকাদার নিয়োগের প্রক্রিয়া শেষ করতে লাগবে ছয় মাস। এরপর আগামী বছরের ফেব্রুয়ারির শেষ বা মার্চের প্রথম সপ্তাহে শুরু হবে চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা নিরসনে নেওয়া সাড়ে পাঁচ হাজার কোটি টাকার বৃহৎ প্রকল্প বাস্তবায়নের কাজ। প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) বলছে, আগামী বছরের মধ্যে জলাবদ্ধতা সমস্যার দৃশ্যমান উন্নতি ঘটবে।
গত বুধবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ‘চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসনকল্পে খাল পুনঃখনন, সম্প্রসারণ, সংস্কার ও উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৫ হাজার ৬১৬ কোটি ৫০ লাখ টাকা। প্রকল্প বাস্তবায়নে সমন্বয়ের দায়িত্বে থাকবে স্থানীয় সরকারমন্ত্রীর নেতৃত্বাধীন একটি কমিটি।
প্রকল্প প্রস্তাবে বলা হয়েছে, জলাবদ্ধতা নিরসনে ২০২০ সালের মধ্যে চট্টগ্রাম নগরে ৩৬টি খাল, খালের পাশে ১৭৬ কিলোমিটার প্রতিরোধক দেয়াল, ৮৫ কিলোমিটার সড়ক, ৪২টি বালুর ফাঁদসহ (সিল্ট ট্র্যাপ) নানা অবকাঠামো নির্মাণ করা হবে।
সিডিএর চেয়ারম্যান আবদুচ ছালাম প্রথম আলোকে বলেন, গত বর্ষায় যেসব এলাকায় জলাবদ্ধতার সীমাহীন দুর্ভোগ সৃষ্টি হয়েছে, সেখানেই অগ্রাধিকার ভিত্তিতে কাজ করা হবে। আগামী বছরেই জলাবদ্ধতা সমস্যা নিরসনে দৃশ্যমান উন্নতি আসবে। এ ক্ষেত্রে সিটি করপোরেশন ও ওয়াসার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কাজ করা হবে।
সিডিএ সূত্র জানায়, প্রকল্পের বিভিন্ন উন্নয়নকাজের নকশা প্রণয়ন এবং কর্মপরিকল্পনা তৈরির জন্য পরামর্শক নিয়োগ দেওয়া হবে। এই প্রক্রিয়া সম্পন্ন করতে লাগবে প্রায় দুই মাস। এরপর পরামর্শক সংস্থাকে দিয়ে খালের দুই পাশে প্রতিরোধ দেয়াল, সড়ক, সেতু, জোয়ার প্রতিরোধক ফটক, বালুর ফাঁদ ও জলাধারের নকশা তৈরি করা হবে। নকশার কাজ শেষ হলেই ঠিকাদারি প্রতিষ্ঠান নিয়োগ দেওয়া হবে। প্রকল্পের প্রথম পর্যায়ে চাক্তাই, বির্জা, রাজাখালী, মির্জা, হিজড়া, মহেশ ও মরিয়ম বিবি খালের প্রশস্ততা বৃদ্ধিসহ খননের কাজ শুরু হবে। প্রথম বছরেই মহেশ খাল, খন্দকিয়া, মরিয়ম বিবি, কলাবাগিচা ও বারোমাসি খালে জোয়ার প্রতিরোধক ফটক নির্মাণ করা হবে।
সিডিএ বলছে, প্রকল্প বাস্তবানের সময় প্রথম বছরে এর সুফল মিলবে। এ ব্যাপারে সিডিএর নির্বাহী প্রকৌশলী ও প্রকল্প পরিচালক আহমদ মঈনুদ্দিন প্রথম আলোকে বলেন, এই প্রকল্পের আওতায় নগরের খালগুলো আরএস খতিয়ানের ভিত্তিতে দখলমুক্ত করে দুই পাশে প্রতিরোধক দেয়াল এবং এক পাশে সড়ক নির্মাণ করা হবে। প্রথম বছরে এতে করে চাক্তাই, খাতুনগঞ্জ, মুরাদপুর, বাকলিয়া, চকবাজার, পাথরঘাটা, আগ্রাবাদ ও হালিশহর এলাকায় জোয়ারজনিত জলাবদ্ধতা দূর হবে।
প্রকল্প প্রস্তাবে বলা হয়েছে, সিডিএর এই প্রকল্পের আওতায় নগরের ৩৬টি খালের ৪ লাখ ২০ হাজার ঘনমিটার কাদা অপসারণ এবং ৫ লাখ ২৮ হাজার ২১৪ ঘনমিটার মাটি খনন করা হবে। খরচ হবে ৫৬ কোটি ৫৮ লাখ টাকা। খালের দুই পাশে ১৭৬ কিলোমিটার প্রতিরোধক দেয়াল নির্মাণে ব্যয় হবে ২ হাজার ৬৪০ টাকা। খালের ওপর ৪৮টি সেতু এবং ৬টি কালভার্ট নির্মাণে খরচ ধরা হয়েছে ৩৩৯ কোটি ৫৫ লাখ টাকা। পাঁচটি টাইডাল রেগুলেটর (জোয়ার প্রতিরোধক) নির্মাণে বরাদ্দ রাখা হয়েছে ৮৪ কোটি ৭৫ লাখ টাকা। ৪২টি বালুর ফাঁদ (সিল্ট ট্র্যাপ) করা হবে ২৯ কোটি ৪০ লাখ টাকায়। বন্যার পানি সংরক্ষণের জন্য তিনটি জলাধার নির্মাণে খরচ হবে ৪৩ কোটি ৩৯ লাখ টাকা। খালের পাড়ে রাস্তা নির্মাণ করা হবে ৮৫ কিলোমিটার। ব্যয় হবে ৩১৭ কোটি ৫৮ লাখ টাকা। পুরো প্রকল্প বাস্তবায়নের জন্য ৬ হাজার ৫১৬ কাঠা জমি অধিগ্রহণ করতে খরচ হবে ১ হাজার ৭২৭ কোটি ৮৮ লাখ টাকা। এ ছাড়া ড্রেনেজ কাঠামো সংস্কার ও পরিষ্কারের জন্য বরাদ্দ রাখা হয়েছে ৪০ কোটি টাকা।
তবে প্রকল্প বাস্তবায়নের সময় যাতে উন্নয়ন–বিড়ম্বনার সৃষ্টি না হয়, সে ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। এ ব্যাপারে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশের (আইইবি) চট্টগ্রাম কেন্দ্রের চেয়ারম্যান দেলোয়ার মজুমদার প্রথম আলোকে বলেন, প্রকল্প বাস্তবায়নের সময় সিটি করপোরেশন, সিডিএ, ওয়াসাসহ বিভিন্ন সংস্থাকে সমন্বিতভাবে কাজ করতে হবে। নয়তো এ নিয়ে নগরবাসীকে দুর্ভোগে পড়তে হবে। তিনি প্রকল্পের আওতায় শাখা খালগুলো খননের ওপরও গুরুত্ব দেন।
চট্টগ্রাম সিটি করপোরেশনও নগরের জলাবদ্ধতা নিরসনে ৫ হাজার ৬০০ কোটি টাকা ব্যয়ের একটি প্রাথমিক প্রকল্প উন্নয়ন প্রস্তাব (পিডিপিপি) তৈরি করে পরিকল্পনা কমিশনের অনুমোদন নিয়ে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে পাঠিয়েছিল। তবে এর মধ্যে নতুন প্রকল্প পাস হওয়ায় এখন সংস্থাটি সেটি বাস্তবায়নে সিডিএকে সর্বাত্মক সহযোগিতা করবে বলে জানান সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। তিনি প্রথম আলোকে বলেন, ‘প্রধানমন্ত্রী স্থানীয় সরকারমন্ত্রীকে প্রধান করে একটি কমিটি গঠন করে দিয়েছেন। মন্ত্রী যখন যে ধরনের নির্দেশনা দেবেন, আমরা তা বাস্তবায়ন করব। ’
এই প্রকল্প বাস্তবায়ন কার্যক্রম তদারকির ওপর জের দিয়েছেন ব্যবসায়ীরা। এ জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি তদারকি সেল গঠনের দাবি জানান খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ছৈয়দ ছগীর আহমেদ। তিনি প্রথম আলোকে বলেন, প্রতিবছর জলাবদ্ধতায় চাক্তাই-খাতুনগঞ্জের গুদাম ও আড়তে পানি ঢুকে কোটি কোটি টাকার পণ্য নষ্ট হতো। এখন স্বচ্ছতার সঙ্গে পরিকল্পিতভাবে নির্ধারিত মেয়াদেই এই প্রকল্প বাস্তবায়ন করতে হবে।