কলামিস্ট ও গবেষক সৈয়দ আবুল মকসুদ বলেছেন, জয়দেবপুর-ময়মনসিংহ সড়ক উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের জন্য প্রাকৃতিক বনের সাড়ে পাঁচ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত করতে হবে। পরিবেশবিদ, বিশেষজ্ঞ, নাগরিক সমাজের প্রতিনিধি, অর্থনীতিবিদসহ সব শ্রেণীর মানুষের পরামর্শ গ্রহণ করে এ সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে হবে। গতকাল বৃহস্পতিবার বিকেলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর সদর উপজেলার ভাওয়াল জাতীয় উদ্যান এলাকায় সৈয়দ আবুল মকসুদ এসব কথা বলেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) যুগ্ম সম্পাদক জাকির হোসেন। পরে তাঁরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের চান্দনা চৌরাস্তা থেকে শ্রীপুর উপজেলার মাওনা এলাকা পর্যন্ত সড়কের দুই পাশের ভাওয়ালের বন পরিদর্শন করেন।সৈয়দ আবুল মকসুদ বলেন, ‘আমরা যোগাযোগব্যবস্থার উন্নতি চাই, সড়কের উন্নতি চাই। একই সঙ্গে গাছ ও পরিবেশ রক্ষা করতে চাই। পরিবেশের বিপর্যয় করে সড়কের উন্নয়ন গ্রহণযোগ্য নয়। গাছ একেবারেই না কেটে রাস্তার উন্নয়নও সম্ভব নয়। তাই বিশেষজ্ঞরা বের করবেন, কীভাবে সাড়ে পাঁচ হাজার গাছ কাটার সংখ্যা কমিয়ে এনে রাস্তা করা যায়।’ জয়দেবপুর-ময়মনসিংহ সড়ক উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের জন্য প্রাকৃতিক বনের পাঁচ হাজার ৬৯৬টি গাছ কাটার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। গত বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক হয়। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করেন।