সাড়ে পাঁচ হাজার শিক্ষার্থী অনুপস্থিত, বহিষ্কার ২৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাধ্যমিক ও সমমানের পরীক্ষার দ্বিতীয় দিনে গতকাল বৃহস্পতিবার সারা দেশে প্রায় সাড়ে পাঁচ হাজার শিক্ষার্থী অনুপস্থিত ছিল। এ নিয়ে দুই দিনে সারা দেশে প্রায় ১২ হাজার শিক্ষার্থী পরীক্ষা দেওয়া থেকে বিরত থাকল।গতকাল মাধ্যমিকের বাংলা দ্বিতীয় পত্র এবং দাখিলের কোরআন মজিদ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কৃত হয়েছে ২৯ জন শিক্ষার্থী। দায়িত্বে অবহেলার অভিযোগে পাঁচজন পরিদর্শককেও বহিষ্কার করা হয়েছে। অন্যজনের হয়ে পরীক্ষা দিতে আসা দুই ছাত্র ও তাদের সহযোগিতা করার অপরাধে এক মাদ্রাসা সুপারকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।সারা দেশে আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে মাধ্যমিক, মাদ্রাসা বোর্ডের অধীনে সমমানের দাখিল ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ভোকেশনাল পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।গতকালের পরীক্ষায় আটটি সাধারণ শিক্ষা বোর্ডে অনুপস্থিত ছিল দুই হাজার ২৬০ জন পরীক্ষার্থী। পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কৃত হয়েছে একজন। দায়িত্বে অবহেলার অভিযোগে রাজশাহী শিক্ষা বোর্ডে এক পরিদর্শককে বহিষ্কার করা হয়েছে। মাদ্রাসা বোর্ডের পরীক্ষায় অনুপস্থিত ছিল দুই হাজার ৭৯১ জন, বহিষ্কৃত হয়েছে ১০ জন। কারিগরি শিক্ষা বোর্ডে ৩৯৩ জন অনুপস্থিত ছিল; বহিষ্কৃত হয়েছে ১৮ জন শিক্ষার্থী। দায়িত্বে অবহেলা ও নকলে সহযোগিতা করার দায়ে এ বোর্ডের চার পরিদর্শককেও বহিষ্কার করা হয়েছে।ঘর থেকে ডেকে এনে বহিষ্কার!আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, পরীক্ষার উত্তরপত্র জমা দিয়ে চলে যাওয়ার এক ঘণ্টা পর ঘর থেকে ডেকে এনে বহিষ্কার করা হয়েছে এক দাখিল পরীক্ষার্থীকে। গতকাল চট্টগ্রামের আনোয়ারা উপজেলা পশ্চিমচাল ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে ঘটনাটি ঘটে।জানা গেছে, ওই পরীক্ষা কেন্দ্রে কোরআন ও তাজবিদ বিষয়ের দাখিল পরীক্ষা শেষে উত্তরপত্র জমা দিয়ে বাসায় চলে যায় উপজেলার ডুমুরিয়া মুহম্মদিয়া কুদ্দুসিয়া মাদ্রাসার পরীক্ষার্থী মোজাহেরুল ইসলাম। কিন্তু দুপুর প্রায় দুইটার সময় তার মাদ্রাসার সুপার মো. মফিজুর রহমানের মাধ্যমে তাকে পরীক্ষা কেন্দ্রে আসতে বলা হয়। কেন্দ্রে এসে মোজাহের জানতে পারে, তাকে বহিষ্কার করা হয়েছে। পরীক্ষা শেষে তার উত্তরপত্র না পাওয়ায় বোর্ডের নীতিমালা অনুসারে তাকে বহিষ্কার করা হয়েছে বলে দাবি করেছে কর্তৃপক্ষ। পরীক্ষার্থী মোজাহেরুল ইসলাম বলে, ‘আমি নির্ধারিত সময়ে উত্তরপত্র জমা দিয়ে চলে আসার প্রায় এক ঘণ্টা পরে আমাকে ডেকে বহিষ্কারের খবর জানানো হলো। আমার কী অপরাধ, তা এখনো জানি না।’এই ঘটনায় দায়িত্বে অবহেলার জন্য কেন্দ্রের দায়িত্ব পালনকারী পরিদর্শক সরওয়ার আজিজ, হেফজুর রহমান, মো. আলী, শাহ আলম ও মনির আহমদকে এ বছরের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু শাহেদ চৌধুরী এ কথা জানান।পশ্চিমচাল ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ ও পরীক্ষা কেন্দ্রের সচিব গোলাম কাদের জানান, উত্তরপত্র জমা না দিয়ে চলে যাওয়ার অপরাধে ওই শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এ ব্যাপারে ম্যানুয়ালে উল্লেখ আছে।গোপালগঞ্জ প্রতিনিধি জানান, অন্যজনের হয়ে পরীক্ষা দিতে এসে ধরা পড়েছে মাদ্রাসার দুই শিক্ষার্থী। ওই দুজন এবং তাদের সহযোগিতা করার অপরাধে সালিনাবক্স মাদ্রাসার সুপার সুলতান আহম্মেদকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মুকসুদপুর ডিগ্রি কলেজ কেন্দ্রে গতকাল এ ঘটনা ঘটে।কেন্দ্রসচিব রুহুল আমিন জানান, সন্দেহ হওয়ায় তিনি প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ড মিলিয়ে দেখেন। তখন দেখা যায়, ওই দুজন পরীক্ষার্থী ভুয়া।