সাড়ে পাঁচ হাজার হেক্টর বনের পাহারায় সাতজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের রামু উপজেলায় বন বিভাগের বাঁকখালী রেঞ্জ কার্যালয়ের অধীনে প্রায় সাড়ে পাঁচ হাজার হেক্টর বন পাহারার জন্য আছেন মাত্র সাতজন প্রহরী। অন্য পদে জনবলসংকট থাকায় এ সাতজনকে অন্য কাজে ব্যস্ত থাকতে হয়। এ ছাড়া আবাসন ও যানবাহনসংকট এবং আগ্নেয়াস্ত্র অকেজোসহ নানা সংকট ও সীমাবদ্ধতায় রেঞ্জের তিনটি বিট কার্যালয়ের স্বাভাবিক কাজও ব্যাহত হচ্ছে।বাঁকখালী রেঞ্জ কার্যালয় সূত্রে জানা গেছে, এ রেঞ্জের অধীনে তিনটি বিট কার্যালয়ের মধ্যে বাঁকখালী বিটে এক হাজার ৫৯০ দশমিক ১৮ হেক্টর, গিলাতলীতে এক হাজার ৮৯১ দশমিক ১৩ হেক্টর ও কচ্ছপিয়া বিটে এক হাজার ৮৬৩ দশমিক ৬২ হেক্টর সংরক্ষিত ও রক্ষিত বনভূমি রয়েছে। এসব বন পাহারার জন্য ১১ জন প্রহরীর পদ থাকলেও কর্মরত আছেন সাতজন। অন্য ২৮টি পদের মধ্যে বর্তমানে ১০টি পদ শূন্য রয়েছে।রেঞ্জ কর্মকর্তা আবদুল হক মোল্লা জানান, বাঁকখালী বিটে তিনজন প্রহরীর মধ্যে একজন বয়স্ক ও একজন অসুস্থ। তাই বন পাহারা তেমন একটা হয় না। জনবলের অভাবে যন্ত্রের মতো দিনরাত চব্বিশ ঘণ্টা কাজ করলেও কাজের শেষ নেই। পুরো রেঞ্জে যানবাহন বলতে আছে একটি মোটরসাইকেল, তাও প্রায় অকেজো। বাকি দুই বিটে কোনো যানবাহন নেই। তাই প্রতিদিন আট থেকে ১০ কিলোমিটার পাহাড়ি ও কাঁচা পথ হেঁটে টহল দেওয়া কঠিন হয়ে পড়ে। তিনি আরও জানান, এ রেঞ্জের অধীনে যেসব আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ আছে তার বেশির ভাগ অকেজো ও ব্যবহারের অনুপযোগী।নাম প্রকাশে অনিচ্ছুক দুজন প্রহরী জানান, কোনো অভিযান বা বন পাহারায় যাওয়ার সময় অযথাই বন্দুক কাঁধে ঝোলাতে হয়। কোনো বিপদ-আপদে এগুলো কাজে আসে না। বেশির ভাগ বন্দুক অকেজো ও নড়বড়ে, গোলাবারুদও অকার্যকর। বাঁকখালী বিট কর্মকর্তা মো. সৈয়দ আবু জাকারিয়া জানান, তাঁর ও রেঞ্জ কর্মকর্তার বাসা দুটি অনেক আগে থেকেই পরিত্যক্ত। একই কারণে প্রহরী, মালি ও নৌকাচালকেরাও অতি কষ্টে দিন কাটাচ্ছেন। কচ্ছপিয়া বিট কর্মকর্তা মো. শাহীন মিয়া জানান, এ বিটে প্রায় দুই হাজার হেক্টর বন রক্ষায় তিনি ছাড়া আছেন একজন প্রহরী ও একজন নৌকাচালক। বন পাহারা তো দূরের কথা, কোনো যানবাহন না থাকায় ঠিকমতো অভিযানেও যাওয়া যায় না। কক্সবাজার উত্তর বন বিভাগ সহকারী বন সংরক্ষক (এসিএফ) রফিকুল ইসলাম বলেন, উত্তর বন বিভাগে প্রায় ১০০টি পদ শূন্য। কর্মকর্তা-কর্মচারীদের বাসাগুলো অকেজো হওয়ায় তাঁদের ভোগান্তিও চরমে। জনবল বাড়ানোসহ অন্যান্য সমস্যা সমাধানের জন্য ঊর্ধতন কর্তৃপক্ষের কাছে অনেক আগেই আবেদন জানানো হয়েছে।