সাড়ে সাত মাসে দাপ্তরিক কাজ করেছেন ১০ দিন!
চুয়াডাঙ্গার যুগ্ম জেলা জজ-১ আদালতের বিচারক সালাউদ্দিন মো. আকরাম কর্মস্থলে ধারাবাহিকভাবে অনুপস্থিত থাকায় সংশ্লিষ্ট আদালতে অচলাবস্থা দেখা দিয়েছে। গত বছরের ১৫ জুন চুয়াডাঙ্গায় যোগদানের পর এ পর্যন্ত মাত্র ১০ দিন দাপ্তরিক কাজ করেছেন। অনুমোদন ছাড়া দিনের পর দিন অনুপস্থিতির কারণে তাঁর দায়িত্বে থাকা দুটি আদালতের প্রায় দুই হাজার মোকদ্দমা বিচার ও নিষ্পত্তিতে বিলম্ব হচ্ছে। বিপাকে পড়েছে সংশ্লিষ্ট বিচার প্রার্থী ও আইনজীবীরা।চুয়াডাঙ্গা জেলা জজ কে জি মোস্তফা বিচারক সালাউদ্দিন মো. আকরামের বিশৃঙ্খল উপস্থিতি, দাপ্তরিক কাজে অবহেলা ও উদাসীনতার বিষয়ে গত ২ জানুয়ারি আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিবকে লিখিতভাবে অবগত করেছেন। এর আগে গত বছরের ২১ সেপ্টেম্বর জেলা জজ ওই বিচারককে চুয়াডাঙ্গা থেকে প্রত্যাহার করে অন্য একজনকে নিয়োগদানের জন্য সচিবকে লিখিতভাবে অনুরোধ জানান। জেলা জজের কার্যালয় সূত্রে জানা গেছে, বিচারক সালাউদ্দিন মো. আকরাম গত বছরের ১৫ জুন চুয়াডাঙ্গা জজশীপে যুগ্ম জেলা জজ হিসেবে যোগদান করেন। এরপর ১৬ জুন, ৬ ও ৭ জুলাই, ২৩, ২৪ ও ২৫ আগস্ট, ৭ ও ৮ সেপ্টেম্বর এবং ২ ও ৩ নভেম্বর অফিস করেছেন। আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিবকে লেখা সর্বশেষ চিঠিতে বলা হয়েছে, সালাউদ্দিন মো. আকরাম চুয়াডাঙ্গায় যোগদান করে ১৭ ও ১৮ জুন সাপ্তাহিক ছুটি থাকায় কর্মস্থল ত্যাগের অনুমতি নিয়ে ১৬ জুন অফিস শেষে চুয়াডাঙ্গা ত্যাগ করেন। ছুটি ছাড়াই ১৯ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত অনুপস্থিত থাকার পর ৬ জুলাই কর্মস্থলে যোগ দেন। ৭ জুলাই অফিস ছুটির পর কর্তৃপক্ষের অনুমতিক্রমে কর্মস্থল ত্যাগ করে কোন কারণ দর্শানো ছাড়াই ৮ জুলাই ২২ আগষ্ট পর্যন্ত কর্মস্থলে অনুপস্থিত থাকেন এবং ২৩ আগস্ট অফিসে যোগদান করেন। ২৮ ও ২৯ আগষ্ট নৈমিত্তিক ছুটি নিয়ে কর্মস্থল ত্যাগ করেন। কিন্তু সরকারি ছুটির পর ৪ সেপ্টেম্বর যোগদান না করে ৬ সেপ্টেম্বর পর্যন্ত অনুপস্থিত থাকেন ও ৭ সেপ্টেম্বর কর্মস্থলে যোগদান করেন। ৯ ও ১০ সেপ্টেম্বর দুইদিন সাপ্তাহিক ছুটি থাকায় পারিবারিক প্রয়োজনে নিজ বাড়িতে যাওয়ার জন্য কর্মস্থল ত্যাগের অনুমতি চান। ১১ সেপ্টেম্বর অফিসে হাজির থাকার শর্তে কর্মস্থলে ত্যাগের অনুমতি দেওয়া হলেও যোগদান করেননি। পরবর্তীতে ২ নভেম্বর যোগদান করেন এবং ৯ নভেম্বর ঐচ্ছিক ও ১০ নভেম্বর নৈমিত্তিক ছুটিসহ কর্মস্থল ত্যাগের অনুমতি প্রার্থণা করেন ৩ নভেম্বর। কিন্তু, তাঁর পূর্ব আচরণ পর্যালোচনা করে তাঁকে কর্মস্থল ত্যাগের অনুমতি দেওয়া হলেও ছুটির অগ্রাহ্য করা হয়। অতঃপর ৩ নভেম্বর কর্মস্থল ত্যাগ করেন এবং এ পর্যন্ত যোগদান করেননি। জেলা জজের সঙ্গে তিনি যোগাযোগও করেননি।বিচারক সালাউদ্দিন মো. আকরাম অনোনুমোদিত ভাবে দিনের পর দিন অফিসে অনুপস্থিত থাকায় সংশ্লিষ্ট আদালতে দেওয়ানী ও ফৌজদারী মিলিয়ে বিচারধীন প্রায় দুই হাজার মোকদ্দমা নিষ্পত্তিতে বিলম্ব হচ্ছে ও মোকদ্দমার পক্ষগণ ভোগান্তির শিকার হচ্ছে। এমতাবস্থায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক আব্দুর রহমান সরদার নিজ আদালতের বাইরে অতিরিক্ত হিসেবে ওই দুটি আদালতের বিচারাধীন মামলাগুলো পরিচালনা করছেন।আদালতের সহকারি সরকারি কৌসূলি (এপিপি) ইমতিয়াজ আহমেদ প্রথম আলোকে জানান, দীর্ঘদিন অনুপস্থিত ও গরহাজির থাকায় বিচারপ্রার্থীরা প্রতিনিয়ত হয়রানি ও দুর্ভোগের শিকার হচ্ছেন। অবিলম্বে এ সমস্যার নিরসন হওয়া দরকার। চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সভাপতি মনিরুজ্জামান জানান, মোকদ্দমার দ্রুত বিচার ও নিষ্পত্তির স্বার্থে বিচারক সালাউদ্দিন মো. আকরামকে প্রত্যাহার করে অন্য একজনকে নিয়োগদানের জন্য আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়কে জরুরিভাবে ভেবে দেখা দরকার। বিষয়টি প্রধান বিচারপতিতে লিখিতভাবে অবগত করা হয়েছে।