খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় পাঁচটি প্রকল্পের জন্য গত অর্থবছরে বরাদ্দ সাড়ে সাত লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত না দিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা প্রকৌশলী যৌথ হিসাবে রেখেছেন।চলতি বছরের জুনের আগে এসব প্রকল্পের কাজ শেষ করার কথা থাকলেও ওই পাঁচটি প্রকল্পের কাজ শুরুই হয়নি। এ নিয়ে ইউপি চেয়ারম্যান ও সদস্যদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুফিদুল আলম বলেন, ‘কাজগুলো প্রক্রিয়াধীন। বর্ষার কারণে নির্মাণাধীন রাস্তা সংস্কার ও বাঁধের কাজগুলো স্থগিত রাখা হয়েছে। বর্ষার সময় করলে বাঁধ ও নালাগুলো ভেঙে যেত। এতে টাকাগুলো শুধু অপচয় হতো। তাই টাকাগুলো তুলে আমাদের যৌথ হিসাবে রাখা হয়েছে। কয়েক দিন পর কাজগুলো আবার শুরু হবে। এলাকার উন্নয়নের স্বার্থে টাকাগুলো ফেরত দেওয়া হয়নি।’উপজেলা নির্বাহী প্রকৌশলীর দপ্তর সূত্রে জানা যায়, বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) থেকে ২০১১-১২ অর্থবছরে উপজেলায় ৫৭ লাখ ৭৬ হাজার ৭৬০ টাকার ৩৬টি প্রকল্প অনুমোদন হয়। জুনের আগে ৩১টি প্রকল্পের কাজ শেষ হলেও বাকি পাঁচটি প্রকল্পের কাজ এখনো শুরু হয়নি। কাজ শুরু না হওয়া প্রকল্পগুলো হলো পশ্চিম ফাতেমানগর (টিকাদানকেন্দ্র) হাফেজিয়া মাদ্রাসা মেরামত, লতিবান ছড়ার ওপর বাঁধ ও নালা নির্মাণ, সাউন্ড সিস্টেমের যন্ত্রাংশ ক্রয়, শুকনাছড়ি বাউড়াপাড়াসংলগগ্ন প্রদীপপাড়ার রাস্তা সংস্কার, লোগাং মাছ্যাছড়ার ওপর বাঁধ ও নালা নির্মাণ। পানছড়ি শিল্পকলা একাডেমীর সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জয়নাথ দেব বলেন, এলজিইডি কার্যালয় এবং কাজ পাওয়া ঠিকাদারকে বহুবার বলার পরও সাউন্ড সিস্টেমের যন্ত্রাংশ কেনার উদ্যোগ নেওয়া হচ্ছে না। এলজিইডির উপজেলা প্রকৌশলী আনোয়ার হোসেন বলেন, ‘শুধু আমরা নই এলাকার উন্নয়নের স্বার্থে বিভিন্ন কার্যালয় এভাবে টাকা তুলে রাখে। বর্ষার কারণে কাজ করা সম্ভব হয়নি। করলেও ভেঙে যেত। এতে লাভ হতো না। কাজগুলো অক্টোবরে শেষ করা হবে।’