সাড়ে ১০ কোটি টাকা নিয়ে ছয় এনজিওর গা ঢাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের বাসাইল উপজেলায় ছয়টি এনজিও গ্রাহকদের প্রায় সাড়ে ১০ কোটি টাকা নিয়ে গা ঢাকা দিয়েছে। ভুক্তভোগী ব্যক্তিরা জানিয়েছেন, উচ্চ মুনাফার প্রলোভন দেখিয়ে এসব এনজিও গ্রাহকদের কাছ থেকে সাত-আট বছর ধরে আমানত সংগ্রহ করে। ছয় মাস আগে এনজিওগুলো একে একে কার্যক্রম গুটিয়ে ফেলে।এলাকাবাসীর অনেকে জানান, বাসাইল উপজেলার যশিহাটি বাজারে প্রফুল্ল সামাজিক সংস্থা (পিএসএস), পল্লী নীড় সংস্থা, স্বাবলম্বী সমাজ, জোনাকী সামাজিক সংস্থা, আইসড়া বাজারের যমুনা সমাজকল্যাণ সংস্থা ও ময়থা চরপাড়ার সাথী উন্নয়ন সংস্থা সাত-আট বছর আগে সঞ্চয় সংগ্রহ ও ক্ষুদ্রঋণ কার্যক্রম শুরু করে। বছর খানেক আগে থেকে এসব এনজিও ক্ষুদ্রঋণ ও সঞ্চয়ের পাশাপাশি উচ্চ মুনাফা দেওয়ার প্রলোভন দেখিয়ে বড় অঙ্কের আমানত সংগ্রহে নামে। গ্রাহকদের আকৃষ্ট করতে তারা আমানতকারীদের বাংলাদেশ ব্যাংকের নাম ভাঙ্গিয়ে ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনার সনদও দেখায়।তারা অধিক মুনাফা দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রবাসী, অবসরপ্রাপ্ত চাকরিজীবী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণীর মানুষের কাছ থেকে এক লাখ থেকে ৩৬ লাখ টাকা পর্যন্ত আমানত সংগ্রহ করে। গত ফেব্রুয়ারি মাসে পল্লী নীড় সংস্থা প্রথমে গা ঢাকা দেয়। পরে একে একে অন্য সংস্থাগুলোও পালিয়ে যায়।সরেজমিন ওই এলাকাগুলোতে গিয়ে দেখা যায়, এনজিওগুলোর অফিসে তালা ঝুলছে। আশপাশের লোকজন জানান, গত ছয় মাসের মধ্যে অফিসগুলো খোলা হয়নি। প্রফুল্ল সামাজিক সংস্থার অফিসে সেলিম শিকদার নমের এক ব্যক্তি বায়নাসূত্রে ভবনটির মালিক বলে সাইনবোর্ড টানিয়ে রেখেছেন। যশিহাটি গ্রামের প্রতারিত গ্রাহক কুলছুম বেগম জানান, মাসে প্রতি লাখে দুই হাজার টাকা মুনাফা দেওয়ার কথা বলে প্রফুল্ল সামাজিক সংস্থা তাঁর কাছ থেকে সাড়ে ১২ লাখ টাকা আমানত নেয়। একই অবস্থা দাপনাজোড় গ্রামের রোকন মিয়া, জামাল উদ্দিন, দেওলী গ্রামের রাজিয়া বেগম, দোহাড় গ্রামের আবদুল মান্নানসহ অনেকেরই। তাঁরা বলেন, বাংলাদেশ ব্যাংকের নামে ক্ষুদ্রঋণ পরিচালনার সনদ দেখানোর পর তাঁরা বিশ্বাস করে টাকা জমা রাখেন।যশিহাটি গ্রামের শাহীন তালুকদার জানান, তাঁরা প্রতারিত গ্রাহকদের তালিকা করেছেন। এতে দেখা যায়, আট শতাধিক ব্যক্তির কাছ থেকে ছয়টি এনজিও সাড়ে ১০ কোটি টাকা নিয়ে উধাও হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি নিয়েছে প্রফুল্ল সামাজিক সংস্থা; প্রায় ছয় কোটি টাকা। টাঙ্গাইল সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক নিখিল চন্দ্র মজুমদার বলেন, ‘বাসাইলের ছয়টি এনজিও আমানতকারীদের টাকা নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ পেয়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তার মাধ্যমে তদন্ত করিয়েছি। প্রতিবেদনটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, সমাজসেবা অধিদপ্তর স্বেচ্ছাসেবী সংগঠনের নিবন্ধন দিয়ে থাকে মাত্র।