সাড়ে ১০ লাখ কর্মীর বিদেশে কর্মসংস্থান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন জানিয়েছেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর গত মে মাস পর্যন্ত আড়াই বছরে ১০ লাখ ৬৭ হাজার ৭৩৮ জন বাংলাদেশি কর্মীর বিভিন্ন দেশে কর্মসংস্থান হয়েছে।জাতীয় সংসদে গতকাল সোমবার প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের মো. শফিকুল ইসলামের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান। প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়।সাধনা হালদারের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বৈদেশিক কর্মসংস্থানের ক্ষেত্রে নতুন নতুন শ্রমবাজার অনুসন্ধান করা হচ্ছে। সানজিদা খানমের প্রশ্নের জবাবে তিনি জানান, সৌদি আরবের শ্রমবাজারে ২০ লক্ষাধিক বৈধ বাংলাদেশি কর্মরত রয়েছেন। ২০১০ সালে সৌদি আরবে কর্মরতদের পাঠানো বৈদেশিক মুদ্রার পরিমাণ তিন হাজার ৩১৩ দশমিক ৬৪ মিলিয়ন মার্কিন ডলার।সুকুমার রঞ্জন ঘোষের প্রশ্নের জবাবে খন্দকার মোশাররফ জানান, লিবিয়ায় প্রায় ৬০ হাজার বাংলাদেশির কর্মসংস্থান হয়েছে। ৬ জুন পর্যন্ত সেখান থেকে ৩৬ হাজার ৫২১ জন নিরাপদে দেশে ফিরেছেন। অন্য কর্মীরা এখনো লিবিয়ায় নিরাপদে অবস্থান করছেন। অপর প্রশ্নের জবাবে তিনি জানান, লিবিয়া প্রত্যাগতদের মধ্যে পুনরায় বিদেশে যেতে ইচ্ছুক কর্মীদের বৈদেশিক কর্মসংস্থানে অগ্রাধিকার দেওয়া হবে। ইতিমধ্যে বোয়েসেল ও রিক্রুটিং এজেন্সিগুলোকে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।৩২টি দেশে শুল্কমুক্ত সুবিধায় পণ্য রপ্তানি হচ্ছে: মুহিবুর রহমানের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী ফারুক খান জানান, ৩২টি দেশে বাংলাদেশ শুল্কমুক্ত সুবিধার আওতায় বিভিন্ন পণ্য রপ্তানি করছে। এগুলো হচ্ছে ইউরোপীয় ইউনিয়নভুক্ত ২৭টি দেশ এবং কানাডা, অস্ট্রেলিয়া, নরওয়ে, নিউজিল্যান্ড ও জাপান। বাংলাদেশ নরওয়েতে ১০০ শতাংশ, কানাডায় ৯৮ দশমিক ৯ শতাংশ, অস্ট্রেলিয়ায় ১০০ শতাংশ, নিউজিল্যান্ডে ১০০ শতাংশ সুবিধা এবং চীনে চার হাজার ৭২১টি পণ্যে শুল্কমুক্ত প্রবেশের সুবিধা পাচ্ছে।মোশতাক আহমেদ রুহীর প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী জানান, চীন থেকে বেশিসংখ্যক পণ্যের শুল্কমুক্ত বাজারসুবিধা পাওয়ার ব্যবস্থা নেওয়া হচ্ছে। শফিকুল ইসলামের প্রশ্নের জবাবে তিনি জানান, চলতি অর্থবছরের এপ্রিল পর্যন্ত বাণিজ্য মন্ত্রণালয় রপ্তানি প্রবৃদ্ধি অর্জন করেছে ৪০ দশমিক ৪৪ শতাংশ।নাছিমুল আলম চৌধুরীর প্রশ্নের জবাবে ফারুক খান জানান, ২০১০-১১ অর্থবছরের এপ্রিল পর্যন্ত চা রপ্তানি বাবদ বৈদেশিক মুদ্রা আয় হয়েছে ৪ দশমিক ৮২ মিলিয়ন মার্কিন ডলার।৭৬০০ টন চাল সংগ্রহ হয়েছে: মো. শফিকুল ইসলামের প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক জানান, চলতি বছরে ছয় লাখ টন চাল সংগ্রহের সিদ্ধান্ত হয়েছে। সংগ্রহ কার্যক্রম গত ৫ জুন শুরু হয়েছে, চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। চুক্তিবদ্ধ মিলারদের চুক্তির সময়সীমা ১৬ জুন পর্যন্ত নির্ধারিত রয়েছে। ১১ জুন পর্যন্ত সাত হাজার ৬০০ মেট্রিক টন চাল সংগৃহীত হয়েছে।