ঝালকাঠি শেরেবাংলা ফজলুল হক ডিগ্রি কলেজের অধ্যক্ষ এ টি এম মিজানুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সাড়ে ১০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও সাংসদ আমির হোসেন আমু গত ২৪ ডিসেম্বর তাঁকে সাময়িক বরখাস্ত করার নির্দেশ দেন।অধ্যক্ষ মিজানুর রহমান বলেন, ‘কাগুজে অডিট কমিটি গঠন করে সম্পূূূর্ণ অন্যায়ভাবে আমাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। কমিটির কিছু সদস্য সাংসদ আমির হোসেন আমুকে ভুল বুঝিয়ে বরখাস্ত আদেশে সই করিয়েছেন।’কলেজ সূত্রে জানা গেছে, মিজানুর রহমানের আর্থিক অনিয়ম তদন্তে ২০১০ সালের ১১ ডিসেম্বর ছয় সদস্যের একটি নিরীক্ষা কমিটি গঠন করা হয়। ওই কমিটির তদন্তে কলেজের বিভিন্ন তহবিল থেকে মিজানুর রহমানের ১০ লাখ ৫৬ হাজার ২৪৩ টাকা আত্মসাতের বিষয়টি ধরা পড়ে।নিরীক্ষা কমিটি সূত্রে জানা গেছে, অধ্যক্ষ কলেজের ঘের ও পুকুর ইজারা বাবদ এক লাখ ৩৯ হাজার ৫০০, যাতায়াত ও আপ্যায়ন বাবদ একই ভাউচার (খরচের তালিকা) দুবার দেখিয়ে দুই লাখ ৩৫ হাজার ৫৪৯, শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি বাবদ ছয় হাজার টাকাসহ বিধিবহির্ভূত ভাউচারের মাধ্যমে মোট ১০ লাখ ৫৬ হাজার ২৪৩ টাকা আত্মসাত করেন। গত বছরের ৯ ডিসেম্বর কমিটি নিরীক্ষা প্রতিবেদন পরিচালনা পর্ষদের কাছে জমা দেয়।নিরীক্ষা কমিটির প্রতিবেদন এবং কলেজ পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী, বেসরকারি ডিগ্রি কলেজের শিক্ষক চাকরি বিধি ১৯৯৪-এর ১৫ ও ১৬ ধারা অনুযায়ী মিজানুর রহমানকে সাময়িক বরখাস্তের আদেশ দেওয়া হয়।২৪ ডিসেম্বর পরিচালনা পর্ষদের সভাপতি ও ঝালকাঠী-২ আসনের সাংসদ আমির হাসেন আমু বরখাস্তের আদেশে সই করেন। একই আদেশে ১৫ দিনের মধ্যে আত্মসাত করা সব টাকা কলেজের তহবিলে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। অন্যথায় তাঁর বিরুদ্ধে ফৌজদারি আইনে মামলা করা হবে।