সাড়ে ১১ ঘণ্টা পর নৌযান চলাচল শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রায় সাড়ে ১১ ঘণ্টা বন্ধ থাকার পর আজ বুধবার সকাল সোয়া নয়টার পর থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি ও লঞ্চ চলাচল শুরু হয়েছে। ঘন কুয়াশার কারণে গতকাল রাত ১০টার পর থেকে এ নৌপথে সব ধরনের নৌযান চলাচল বন্ধ হয়ে যায়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) প্রথম আলোকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছে। সংস্থাটি জানায়, গতকাল রাতে ওই দুই ঘাট থেকে শতাধিক যানবাহন নিয়ে ছেড়ে যাওয়া পাঁচটি ফেরি মাঝনদীতে আটকা পড়ে। এ খবর পাওয়ার পর দৌলতদিয়া প্রান্তের তিনটি ও পাটুরিয়া প্রান্তের দুটি ফেরি যানবাহন নিয়েই ঘাটে নোঙর করে রাখে।
দীর্ঘ সময় ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ থাকায় আট শতাধিক পণ্যবাহী যানবাহন ও যাত্রীবাহী নৈশকোচ দুই পাড়ে আটকা পড়ে। এখনো দুই ঘাটের উভয় পাশে অসংখ্য গাড়ি থমকে আছে। এতে কয়েক হাজার যাত্রী চরম দুর্ভোগ পোহাচ্ছেন।