সাড়ে ১২ লাখ টন সার বিষিয়ে তুলেছে পরিবেশ
দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দরের পানামা পোর্টে ১২ লাখ ৪৫ হাজার ৮৬১ মেট্রিক টন সার সাত বছর ধরে খোলা আকাশের নিচে পড়ে থেকে নষ্ট হচ্ছে। সারগুলো গলে আশপাশের জমিতে পড়ায় জমিগুলো উর্বরাশক্তি হারাচ্ছে, গাছপালা মরে যাচ্ছে। পাশাপাশি দুর্গন্ধে পরিবেশ দূষিত হচ্ছে।বন্দরের শুল্ক গুদাম কার্যালয় সূত্রে জানা গেছে, হিলি, জয়পুরহাট ও পাঁচবিবি সীমান্ত দিয়ে ভারত থেকে পাচার হয়ে আসার পথে বিডিআর, র্যা ব ও পুলিশ ২০০৪ সালের বিভিন্ন সময়ে সারগুলো আটক করে। পরে তারা এগুলো হিলি স্থলবন্দরের শুল্ক বিভাগে জমা দেয়। আটক করা সারের মধ্যে রয়েছে—পটাশ, ইউরিয়া, ড্যাব।বন্দরের শুল্ক কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, আটক সারগুলোর গুণগত মান পরীক্ষা-নিরীক্ষার জন্য ২০০৬ সালে ঢাকায় পাঠানো হয়। সেখান থেকে চিঠি দিয়ে জানানো হয়, সারগুলো ব্যবহার-উপযোগী। এরপর শুল্ক কর্তৃপক্ষ ২০০৭ সালে সারগুলো বিক্রির জন্য দরপত্র আহ্বান করে। কিন্তু ২০০৮ সালে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সারগুলো নিলামে বিক্রি না করার নির্দেশ দেয়। এতে নিলামপ্রক্রিয়া থেমে যায়। সারগুলো পানামা পোর্ট এবং চেকপোস্টসংলগ্ন সিপি রাস্তার পাশে খোলা আকাশের নিচে পড়ে থাকায় বৃষ্টিতে গলে পরিবেশ দূষিত হচ্ছে।সিপি রোডের বাসিন্দা আতাউর রহমান মিলন বলেন, এই রাস্তায় চলাচলের সময় নাক চেপে চলতে হয়। দীর্ঘদিন ধরে রাস্তার পাশে দুর্গন্ধযুক্ত সারগুলো পড়ে থাকলেও শুল্ক বিভাগের কোনো মাথাব্যথা নেই।বন্দরের শুল্ক গুদাম কর্মকর্তা ভবেশ চন্দ্র রায় বলেন, ২০০৮ সালে জাতীয় রাজস্ব বোর্ড এক প্রজ্ঞাপনের মাধ্যমে আটক ওই সব সার নিলামে বিক্রি না করার আদেশ দেয়। কিন্তু সারগুলো ধ্বংস করা হবে, না অন্য কোনো ব্যবস্থা নেওয়া হবে, সে ব্যাপারে প্রজ্ঞাপনে কোনো নির্দেশনা ছিল না। এ ব্যাপারে সম্প্রতি সারগুলোর বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য জাতীয় রাজস্ব বোর্ডের দিকনির্দেশনা চেয়ে একটি চিঠি দেওয়া হয়েছে।পানামা পোর্টের কর্মকর্তা ছামসুল হুদা ও সিঅ্যান্ডএফ এজেন্ট রবিউল ইসলাম জানান, সারগুলো দীর্ঘদিন ধরে খোলা আকাশের নিচে পড়ে থাকায় কাজকর্মে ব্যাঘাত ঘটছে। সারের দুর্গন্ধে প্রায়ই নাকে কাপড় দিয়ে পোর্টের ভেতরে চলাচল করতে হচ্ছে। সম্প্রতি পোর্টের ভেতরের একটি জাম ও একটি নারকেলগাছ মরে গেছে।বন্দরের কর্মরত শ্রমিক হামিদ ও ফেরদৌস রহমান বলেন, সারগুলো পড়ে থাকায় পচে দুর্গন্ধ ছড়াচ্ছে। পানামা পোর্টের পাশের জমির মালিক তৌহিদুর রহমান বলেন, বৃষ্টির পানিতে সারগুলো ধুয়ে আশপাশের ফসলি জমিতে পড়ায় জমি উর্বরাশক্তি হারাচ্ছে।উপজেলা কৃষি কর্মকর্তা শেখ মনোয়ার হোসেন গতকাল শনিবার জানান, ওই সারগুলো নষ্ট হয়ে গেছে। এই সারের সংস্পর্শে জমিতে অম্লত্ব (এসিডিটি) বেড়ে যাবে, ফলন কম হবে এবং আশপাশের গাছপালা মরে যাওয়ার আশঙ্কা আছে।এদিকে পানামা হিলি পোর্টের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা জানান, বিশাল এলাকাজুড়ে দীর্ঘদিন সারগুলো ফেলে রাখার কারণে জায়গা ব্যবহার করতে না পারায় বন্দর চার্জ আদায় থেকে পানামা পোর্ট বঞ্চিত হচ্ছে। এ বিষয়ে একাধিকবার চিঠি দিয়ে সারগুলো সরাতে বলা হলেও শুল্ক কর্তৃপক্ষ তা এখনো সরিয়ে নেয়নি।