সাড়ে ১৩ বছর পর অভিযোগ গঠনের আংশিক শুনানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বিএনপি নেতা এবং শিল্পপতি জামাল উদ্দিন চৌধুরী অপহরণ ও হত্যা মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আংশিক শুনানি হয়েছে। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরীর আদালতে এই শুনানি হয়। আদালত আগামী ১ ফেব্রুয়ারি শুনানির পরবর্তী দিন ধার্য করেন।

দ্রুত বিচার ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি আইয়ুব খান প্রথম আলোকে বলেন, অভিযোগ গঠনের জন্য আংশিক শুনানি হয়েছে। মামলাটি গুরুত্বপূর্ণ হওয়ায় আগামী ধার্য দিনেও শুনানি হবে। ওই দিন আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দিতে পারেন।

২০০৩ সালের ২৪ জুলাই রাতে চট্টগ্রাম নগরের চকবাজারের ব্যবসাপ্রতিষ্ঠান থেকে চান্দগাঁওয়ের বাসায় ফেরার পথে সন্ত্রাসীরা অপহরণ করে জামাল উদ্দিনকে। নিহত ব্যক্তির পরিবারের অভিযোগের ভিত্তিতে দুই বছর পর অপহরণের অন্যতম হোতা আনোয়ারা সদরের ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য শহীদকে গ্রেপ্তার করা হয়। তাঁর স্বীকারোক্তির ভিত্তিতে ফটিকছড়ির কাঞ্চননগরের পাহাড়ি এলাকা থেকে ২০০৫ সালের ২৪ আগস্ট জামাল উদ্দিনের কঙ্কাল উদ্ধার করে র‌্যাব।

অষ্টম তদন্তকারী কর্মকর্তা সিআইডি চট্টগ্রাম অঞ্চলের পরিদর্শক আনোয়ার হোসেন ২০০৬ সালের ১০ জুলাই প্রথম আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলার বাদী ফরমান রেজা এই অভিযোগপত্রের বিরুদ্ধে নারাজি দেন একই বছরের ১৭ জুলাই। আদালত তা গ্রহণ করে মামলাটি পুনরায় তদন্তের নির্দেশ দেন। তদন্ত শেষে ১০ ডিসেম্বর আগের অভিযোগপত্রের মতোই ঘটনার মূল হোতাদের বাদ দিয়ে ১৬ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন সিআইডির এএসপি হামিদুল হক।

 মূল হোতাদের বাদ দেওয়ায় বাদী ফের নারাজি দেন আদালতে। কয়েক দফা পিছিয়ে ২০০৭ সালের ৫ ফেব্রুয়ারি নারাজি শুনানির দিন ধার্য থাকলেও উচ্চ আদালত থেকে আসামিরা স্থগিতাদেশ আনায় শুনানি হয়নি। স্থগিতাদেশ প্রত্যাহার হওয়ায় অভিযোগপত্রটি গত বছরের ২২ ফেব্রুয়ারি গ্রহণ করেন আদালত। মামলার ১৪ আসামির মধ্যে ছয়জন পলাতক রয়েছেন। জামিনে রয়েছেন আট আসামি। গত নভেম্বর মাসে চাঞ্চল্যকর মামলা হিসেবে বিচারের জন্য মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে আসে।