সাড়ে ১৪ বছরেও ভুল সংশোধন হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধের স্মৃতি ভাস্কর্য ‘দূর্জয় ভৈরব’। ভাস্কর্যটির অবস্থান কিশোরগঞ্জের ভৈরব বাসস্ট্যান্ড এলাকায়। শুরু থেকে ভাস্কর্যটি ভুল বানানে দুষ্ট হয়ে সমালোচনার মুখে পড়ে। এরই মধ্যে পেরিয়ে গেছে সাড়ে ১৪ বছর। কিন্তু বানান আর শুদ্ধ করা হয়নি।
কিশোরগঞ্জ জেলা পরিষদ সূত্রে জানা গেছে, শহীদ ১২ মুক্তিযোদ্ধার স্মৃতি ধরে রাখতে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব বাসস্ট্যান্ড এলাকায় ভাস্কর্যটি নির্মাণ করে কিশোরগঞ্জ জেলা পরিষদ। অজেয় স্তম্ভ বোঝাতে ভাস্কর্যের নামকরণ করা হয় ‘দূর্জয় ভৈরব’। ২০০০ সালের ১৭ এপ্রিল এটির উদ্বোধন করা হয়। কিন্তু উ-কারের ( ু) স্থলে ঊ-কার ( ূ) দিয়ে ‘দূর্জয়’ লেখায় বাক্যটি ভুল বানানে দুষ্ট হয়।
ভৈরব হাজি আসমত কলেজের বাংলা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান আতাউর রহমান প্রথম আলোকে জানান, ‘দূর্জয়’ নামে বাংলা ভাষায় কোনো শব্দই নেই। অথচ মুক্তিযুদ্ধের স্মৃতি ভাস্কর্যে ওই শব্দটি ব্যবহার করা হয়েছে। কর্তৃপক্ষ যে উদ্দেশ্যে শব্দটি ব্যবহার করেছে, ভুল বানানের জন্য তা মূল ভাবনার বিপরীত অর্থ বহন করছে। তিনি বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে জানান, দূরত্ব জ্ঞাপক অর্থ বোঝাতে ঊ-কার ( ূ) ব্যবহার করা হয়। উ-কার ( ু) মূলত অপকর্ষকমূলক। না-বোধক বা নেতিবাচক অর্থে ব্যবহার হয়। অজেয় স্তম্ভ বোঝাতে হলে অবশ্যই দ-এর নিচে উ-কার ( ু) দিতে হবে। উ-কারের ( ু) স্থানে ঊ-কার ( ূ) লেখার কারণে অজেয়-এর বিপরীত অর্থ দাঁড়াবে।
এলাকার অনেকের সঙ্গে কথা বলে জানা গেছে, বিজয় ও স্বাধীনতা দিবসে প্রশাসন ও স্থানীয় সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে এ ভাস্কর্যে শ্রদ্ধা নিবেদনের মধ্যে দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। প্রতিদিন কয়েক হাজার যান এ ভাস্কর্যটির পাশ ঘেঁষে চলাচল করছে। শুরু থেকে বানানটির সংশোধনের তাগিদ ছিল। স্থানীয় সচেতন ব্যক্তিদের কাছ থেকেও একই তাগিদ আসে। মো. জিল্লুর রহমান রাষ্ট্রপতি হওয়ার কিছুদিন পর ভৈরবে আসেন। তখন ভাস্কর্যটির উদ্বোধন করেন তিনি। সে সময় নতুন করে আরও চারটি ফলক স্থাপন করা হয়। সেই ফলকে শুদ্ধভাবে ‘দুর্জয়’ লেখা হয়। তবে আগের আটটি ফলক আর সংশোধন করা হয়নি। এতে করে এখন একই ভাস্কর্যে দুই ধরনের বানান রেখে বিষয়টি আরও জটিল করে তোলা হয়েছে।
হাজি আসমত কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আ ক মোবারক আলী বলেন, বিষয়টি একাধিকবার উপজেলা প্রশাসনের নজরে আনা হয়েছে। কিন্তু সাড়ে ১৪ বছরে ঊ-কারের ( ূ) জায়গায় উ-কার ( ু) লেখার সময় হয়নি জেলা পরিষদ বা উপজেলা প্রশাসনের।
এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন আক্তার বলেন, বিষয়টি তিনি দেখছেন।
কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক জিল্লুর রহমান জানান, এ ভুল আর থাকবে না। কিছুদিনের মধ্যে উ-কার ( ু) আর ঊ-কারের ( ূ) ঝামেলা মিটে যাবে।