সাড়ে ১৫ ঘণ্টা পর উদ্ধার পেলেন বৃদ্ধা জ্যোৎস্না রানী দাশ
‘পয়লা পয়লা ডরাইছি। পরে আর ডরাইছি না। ভাবছি, বয়স তো ম্যালা অইছে, আমার বাঁচলেই কিতা আর মরলেই কিতা?’ সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকার আজমান ম্যানশনে সাড়ে ১৫ ঘণ্টা আটকে থাকার পর উদ্ধার পাওয়া বৃদ্ধা জ্যোৎস্না রানী দাশ গতকাল রোববার এভাবেই প্রতিক্রিয়া জানালেন।
শিববাড়ি এলাকার জঙ্গি আস্তানা ‘আতিয়া মহল’ নামে আজমান ম্যানশনের দূরত্ব প্রায় ৩৫০ গজ। অভিযান শুরুর আগে আতিয়া মহলের আশপাশের ৩৫০ গজের মধ্যে অবস্থিত সব বাড়ির বাসিন্দাকে সরে যেতে নির্দেশ দেওয়া হয়েছিল। সেনাবাহিনীর প্যারা কমান্ডো শনিবার সকাল আটটার দিকে সে অনুযায়ী সব ভবন থেকে সবাইকে সরিয়ে নিলেও আজমান ম্যানশনের পঞ্চম তলায় দুর্ভাগ্যক্রমে আটকা পড়েন ৭৫ বছর বয়সী জ্যোৎস্না রানী দাশ। গতকাল বেলা সাড়ে ১১টায় তাঁকে উদ্ধার করা হয়। তিনি সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
হাসপাতালের বিছানায় শুয়ে আগের রাতের অভিজ্ঞতা শোনালেন জ্যোৎস্না রানী দাশ। তিনি বলেন, চারপাশে একের পর এক বিস্ফোরণ আর গুলির আওয়াজ তাঁকে ১৯৭১ সালের স্মৃতিতে ফিরিয়ে নিয়ে গিয়েছিল। দম বদ্ধ করা সেই অবস্থা থেকে বের হতে পেরে তাঁর খুব ভালো লাগছে।