টাঙ্গাইলে অর্পিত সম্পত্তি অবমুক্তির জন্য মামলার আবেদনের তুলনায় নিষ্পত্তির সংখ্যা একেবারেই নগণ্য। ২০১২ সালের জুন থেকে এ বছরের ফেব্রুয়ারি পর্যন্ত জেলার ট্রাইব্যুনাল ও জেলা কমিটির কাছে প্রায় সাড়ে ২২ হাজার মামলার আবেদন জমা পড়েছে। এর মধ্যে নিষ্পত্তি হয়েছে মাত্র ৫১৩টি মামলার।টাঙ্গাইল অর্পিত সম্পত্তি অপপ্রয়োগ প্রতিরোধ কমিটির আহ্বায়ক সাধন চক্রবর্তী বলেন, অন্যান্য জেলার তুলনায় টাঙ্গাইলে অর্পিত সম্পত্তির পরিমাণ অনেক বেশি। তাই স্বাভাবিকভাবেই এ জেলায় মামলার সংখ্যা অনেক বেশি হবে। নির্ধারিত সময়ের মধ্যে মামলা নিষ্পত্তির জন্য অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ কমিটি ও ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানো প্রয়োজন, না হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের দুর্ভোগ আরও বেড়ে যাবে।জেলা ও দায়রা জজ এবং অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১-এর নেতৃত্বে গঠিত ট্রাইব্যুনাল এবং অতিরিক্ত জেলা প্রশাসকের (রাজস্ব) নেতৃত্বে গঠিত জেলা কমিটির মাধ্যমে এসব মামলার নিষ্পত্তি হচ্ছে।জেলা প্রশাসন সূত্র জানায়, জেলায় মোট অর্পিত সম্পত্তির পরিমাণ ৪৫ হাজার ১৬৭ দশমিক ৮ একর। এর মধ্যে ‘ক’ তফসিলভুক্ত (যেসব সম্পত্তি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে বা সরকার লিজ দিয়েছে) দুই হাজার ৫৪৭ দশমিক ৪ একর। আর ‘খ’ তফসিলভুক্ত (যেসব জমি সরকারের নিয়ন্ত্রণে নেই) ৪২ হাজার ৬২০ দশমিক ৪ একর।বিদ্যমান আইন অনুযায়ী ‘খ’ তফসিলে বর্ণিত অর্পিত সম্পত্তির মালিকানা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান দাবি করলে দাবির সমর্থনে কাগজপত্র, প্রমাণাদিসহ জেলা কমিটির সভাপতি বরাবর অথবা ট্রাইব্যুনালে অবমুক্তির আবেদন করতে হয়। আর ‘ক’ তফসিলভুক্ত সম্পত্তির বিষয়ে কারও কোনো দাবি থাকলে ট্রাইব্যুনালের কাছে আবেদনের বিধান রাখা হয়েছে।টাঙ্গাইল অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ ট্রাইব্যুনাল সূত্র জানায়, গত ৫ মার্চ পর্যন্ত ‘ক’ তফসিলভুক্ত এক হাজার ৮০টি এবং ‘খ’ তফসিলভুক্ত ছয় হাজার ৩০৫টি অর্থাৎ মোট সাত হাজার ৩৮৫টি মামলার আবেদন জমা পড়েছে। এর মধ্যে জেলা জজ আদালতে মাত্র ৬৫টি এবং অতিরিক্ত জেলা জজের নেতৃত্বাধীন ট্রাইব্যুনালে ৪৮টি নিষ্পত্তি হয়েছে। জেলা জজের আদালতে নিষ্পত্তি সবগুলোর রায় আবেদনকারীদের পক্ষে গেছে। আর অতিরিক্ত জেলা জজের ট্রাইব্যুনালে পাঁচটি রায় গেছে সরকারের পক্ষে।এ ব্যাপারে টাঙ্গাইলের অর্পিত সম্পত্তিবিষয়ক (ভিপি) কৌঁসুলি আবদুল বাছেদ বলেন, দুটি ট্রাইব্যুনাল যথাসাধ্য দ্রুততার সঙ্গে কাজ করার চেষ্টা করছেন। তবে মামলার সংখ্যা বেশি হওয়ায় সময় লাগছে। ট্রাইব্যুনালের সংখ্যা না বাড়ালে এ সমস্যা থেকেই যাবে।টাঙ্গাইলের সরকারি কৌঁসুলি (জিপি) আবদুর রশিদ বলেন, ‘প্রতিদিনই নতুন নতুন মামলার আবেদন জমা পড়ছে। ইচ্ছে থাকা সত্ত্বেও নির্ধারিত সময়ে এত বেশি মামলা নিষ্পত্তি করা সম্ভব হবে না।’ মামলা দ্রুত নিষ্পত্তির জন্য ট্রাইব্যুনাল বর্ধিত করা প্রয়োজন বলে তিনি মনে করেন।এদিকে আরও ভয়াবহ অবস্থা অতিরিক্ত জেলা প্রশাসকের (রাজস্ব) নেতৃত্বে গঠিত অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ জেলা কমিটির। ফেব্রুয়ারি পর্যন্ত এখানে ১৫ হাজার আবেদন জমা পড়েছে। এর মধ্যে রায় হয়েছে মাত্র ৪০০টির। আগামী ২৪ এপ্রিল পর্যন্ত কমিটি আবেদন গ্রহণ করবে। এ সময়ের মধ্যে এখানে আবেদনের সংখ্যা ২৫ হাজার ছাড়িয়ে যাবে বলে ধারণা করছে জেলা কমিটি।জেলা কমিটির সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শোয়াইব আহমেদ খান বলেন, নির্ধারিত সময়ের মধ্যে একটি ট্রাইব্যুনালের পক্ষে এত মামলা নিষ্পত্তি করা সম্ভব নয়।