>বিমান কর্তৃপক্ষ রহস্যজনক কারণে উড়োজাহাজ কেনার চেয়ে ভাড়ায় আনতে উৎসাহী। এ ধরনের পদক্ষেপ থেকে সরে না আসা পর্যন্ত বিমানকে রক্ষা করা যাবে না
কোনো খোঁজখবর না করেই মিসর থেকে দুটি বোয়িং উড়োজাহাজ ভাড়া করায় সাড়ে তিন বছরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের আর্থিক ক্ষতি হয়েছে ৩০৫ কোটি ৩৩ লাখ টাকা। ইজিপ্ট এয়ার থেকে অনিয়মের মাধ্যমে ভাড়া করা দুটি উড়োজাহাজের একটি ত্রুটির কারণে দীর্ঘ সময় ধরে বিকল হয়ে পড়ে আছে। কিন্তু সেটিরও প্রতি মাসে ভাড়া দিতে হচ্ছে।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির গঠন করা উপকমিটির তদন্তে এই তথ্য উঠে এসেছে। গতকাল বৃহস্পতিবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটিতে এই তদন্ত প্রতিবেদন উপস্থাপন করা হয়। এই অনিয়মের সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়কে সুপারিশ করে সংসদীয় কমিটি।
তদন্ত প্রতিবেদনে উড়োজাহাজ ভাড়ার এই চুক্তিকে ‘আত্মঘাতী’ উল্লেখ করে উড়োজাহাজ দুটি দ্রুত ইজিপ্ট এয়ারকে ফেরত দেওয়ার সুপারিশ করা হয়। এতে বলা হয়, বিমান কর্তৃপক্ষ রহস্যজনক কারণে নতুন উড়োজাহাজ কেনার চেয়ে ভাড়ায় আনতে উৎসাহী। এ ধরনের পদক্ষেপ থেকে সরে না আসা পর্যন্ত বিমানকে রক্ষা করা যাবে না।
বিমানের সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০১৪ সালের মার্চ ও মে মাসে মিসরের ইজিপ্ট এয়ার থেকে পাঁচ বছরের চুক্তিতে দুটি উড়োজাহাজ (বোয়িং ৭৭৭-২০০ ইআর) ভাড়ায় আনে বাংলাদেশ বিমান। এক বছর পর প্রথম উড়োজাহাজটির একটি ইঞ্জিন বিকল হয়ে যায়। এটি সচল রাখতে ইজিপ্ট এয়ার থেকে আরেকটি ইঞ্জিন ভাড়ায় আনা হয়। দেড় বছরের মাথায় সেটিও নষ্ট হয়ে যায়। ভাড়ায় আনা হয় আরেকটি ইঞ্জিন। সেটিও গত বছরের ডিসেম্বরে নষ্ট হয়ে যায়।
গত এপ্রিলে উড়োজাহাজ দুটি নিয়ে তদন্তের জন্য সাংসদ কামরুল আশরাফ খানকে আহ্বায়ক করে একটি উপকমিটি গঠন করে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি।
সংসদীয় উপকমিটির প্রতিবেদনে বলা হয়, উড়োজাহাজ দুটির পেছনে প্রতি মাসে কোটি কোটি টাকা লোকসান হচ্ছে। বিকলটির চেয়ে সচল উড়োজাহাজটিতে ক্ষতি বেশি হচ্ছে। চুক্তি অনুযায়ী উড়োজাহাজ বসে থাকলেও বিমানকে প্রতি মাসে ৫ কোটি টাকা এবং ভাড়ায় আনায় দুটি ইঞ্জিনের জন্য প্রতিদিন ১২ লাখ ৮০ হাজার টাকা করে দিতে হচ্ছে। একটি ইঞ্জিনের মেরামতের খরচ হওয়ার কথা সর্বোচ্চ ৬১ লাখ ২৪ হাজার মার্কিন ডলার (৪৯ কোটি ৩৮ লাখ টাকা)। কিন্তু বিল পরিশোধ করা হয়েছে ২ কোটি ৩৫ লাখ ৮১ হাজার ৫৩৯ ডলার (১৯০ কোটি টাকার বেশি)।
প্রতিবেদনে বলা হয়, ভাড়া করা এই দুটি উড়োজাহাজের জন্য চলতি বছরের মার্চ পর্যন্ত বিমানের লোকসান হয়েছে ৩০৫ কোটি ৩৩ লাখ টাকা। চুক্তির চার বছর পূর্তির জন্য অপেক্ষা করলে বিমানকে আরও আনুমানিক ৫৬ কোটি টাকা লোকসান দিতে হবে। তাই দ্রুত উড়োজাহাজ দুটি ফেরত দেওয়া, ইঞ্জিন মেরামত বাবদ অতিরিক্ত খরচের বিষয়টি খতিয়ে দেখতে এবং এই ভাড়ার চুক্তির সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে শাস্তিমূলক ব্যবস্থা নিতে তদন্ত কমিটি সুপারিশ করেছে।
প্রতিবেদনে বলা হয়, উড়োজাহাজ দুটি ভাড়া নেওয়ার সময় ইঞ্জিনের সক্ষমতা যাচাইয়ে ব্যর্থতা ছিল। এই উড়োজাহাজ ভাড়া নেওয়া ছিল বিমানের স্বার্থের পরিপন্থী। কারিগরি কমিটি উড়োজাহাজ দুটি সম্পর্কে কোনো খোঁজখবর নিয়েছে বলে তদন্তে প্রতীয়মান হয়নি। তাই এ ধরনের ‘উদাসীনতা, অজ্ঞতা বা ইচ্ছাকৃতভাবে কর্তব্যে অবহেলাজনিত’ কারণে দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে কমিটি। ইঞ্জিন মেরামতকারী প্রতিষ্ঠানকে মেরামতের জন্য কোনো সময় নির্ধারণ করে দেওয়া হয়নি। মেরামতে ১২-১৩ মাস সময় লেগেছে। এ সময়ে উড়োজাহাজ ও ইঞ্জিন দুটিরই ভাড়া দিতে হয়েছে।
যোগাযোগ করেও এই বিষয়ে বিমান কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ফারুক খান প্রথম আলোকে বলেন, উড়োজাহাজ দুটি ভাড়া নেওয়ার ক্ষেত্রে চরম অবহেলা ও অনিয়ম হয়েছে। কমিটিতে বিমানের পক্ষ থেকে যে জবাব দেওয়া হয়েছে তা সন্তোষজনক ছিল না। তিনি বলেন, এ ব্যাপারে দায়ী ব্যক্তিদের সুনির্দিষ্টভাবে চিহ্নিত করতে মন্ত্রণালয়কে সুপারিশ করেছে কমিটি।