সাড়ে ৩০০ বিঘা জমিতে বোরো চাষ হচ্ছে না
বিদ্যুৎ সরবরাহ লাইনের চুরি হয়ে যাওয়া তার পুনঃস্থাপন না করায় নওগাঁ পৌর এলাকার মধ্যদুর্গাপুর ও খাগড়া মহল্লার প্রায় সাড়ে ৩০০ বিঘা জমিতে বোরো আবাদ করতে পারছেন না স্থানীয় কৃষক।সরেজমিনে পৌর এলাকার মধ্যদুর্গাপুর ও খাগড়া মাঠ ঘুরে দেখা গেছে, জসিতলা গভীর নলকূপের অধীন ফসলের মাঠে পানির অভাবে কৃষকেরা তাঁদের জমি চাষ করতে পারেননি। একই কারণে ওই মাঠে থাকা স্থানীয় কৃষকদের বীজতলা শুকিয়ে বিবর্ণ হয়ে গেছে। অথচ পাশের গভীর নলকূপগুলোর অধীন ফসলের মাঠে সবুজের সমারোহ। প্রায় তিন সপ্তাহ আগে তাদের ধান লাগানোর কাজ সম্পন্ন হয়েছে।খাগড়া মহল্লার কৃষক বেলাল হোসেন, চকপাঁচী মহল্লার সাধনচন্দ্র ও মধ্যদুর্গাপুর মহল্লার অছির উদ্দিন জানান, খাগড়া-মধ্যদুর্গাপুর মাঠের ভেতরে থাকা তাদের ওই জমিতে বছরে একবার বোরো ধানের আবাদ হয়, অন্য কোনো ফসল হয় না। এ বছর সেচ ব্যবস্থা ব্যাহত হওয়ায় জমিতে চাষ দিতে পারেননি।জসিতলা গভীর নলকূপের চালক (অপারেটর) হাবিবুর রহমান ও শামীমুল ইসলাম জানান, গত বছরের ২১ অক্টোবর রাতে তাদের নলকূপের বিদ্যুৎ সরবরাহ লাইনের প্রায় দুই হাজার মিটার তার চুরি হয়ে যায়। বিষয়টি তাৎক্ষণিকভাবে নওগাঁ বিদ্যুৎ বিতরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলীকে জানানোসহ ২২ অক্টোবর সদর থানায় একটি জিডি করা হয়। এর এক দিন পর নির্বাহী প্রকৌশলী বরাবর চুরি হওয়া তার পুনঃস্থাপনের আবেদন করা হয়। কিন্তু তিন মাস পার হলেও তার পুনঃস্থাপন করে দেয়নি। এরপর বিষয়টি স্থানীয় সাংসদ আবদুল জলিলকে জানানো হয়। সাংসদ ৩ জানুয়ারি নির্বাহী প্রকৌশলীকে চুরি যাওয়া তার পুনঃস্থাপনের সুপারিশ করেন। কিন্তু নির্বাহী প্রকৌশলী ওই সুপারিশ আমলে না নিয়ে জসিতলা গভীর নলকূপের অপারেটরকে ব্যক্তিগতভাবে তার কিনে বিদ্যুৎ সরবরাহের উদ্যোগ নেওয়ার পরামর্শ দেন।নওগাঁ বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী ফেরদৌস আলমের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি এ ব্যাপারে কোনো মন্তব্য করতে সম্মত হননি।বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বগুড়া অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ছমির উদ্দিন জানান, বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।