সাড়ে ৩১ বছরের সাজাপ্রাপ্ত জেএমবি সদস্য গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

র‌্যাব ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে গত মঙ্গলবার রাতে কামরান আলী প্রামাণিক (৫০) নামের নিষিদ্ধঘোষিত জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) এক সদস্যকে নওগাঁর আত্রাই উপজেলা থেকে গ্রেপ্তার করেছে। র‌্যাব-৫-এর গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট মাহদীন জানান, কামরানের বাড়ি আত্রাইয়ের হাটকালুপাড়া গ্রামে। তিনি সাড়ে ৩১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি। র‌্যাব সূত্র জানায়, র‌্যাব ও পুলিশের যৌথ দল মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে ওই গ্রামে অভিযান চালিয়ে একটি বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে। লুটপাট ও নির্যাতনের মামলায় ২০০৭ সালের ২৬ জুলাই আদালত কামরানকে ৩১ বছর ছয় মাসের কারাদণ্ড দেন। জেএমবির নির্যাতনের শিকার রাজশাহীর বাগমারা উপজেলার হাসানপুর গ্রামের ফজলুর রহমানের দায়ের করা মামলায় সাজাপ্রাপ্ত সাবেক মন্ত্রী আমিনুল হকসহ ২৫ জনের মধ্যে কামরান একজন। ফজলুর রহমান ২০০৭ সালের ৩০ মার্চ বাগমারা থানায় মামলাটি দায়ের করেন। ২০০৪ সালের এপ্রিলে ফজলুর রহমানকে অপহরণ করা হয়। তাঁকে নির্যাতন করে মুক্তিপণ দিতে বাধ্য করা হয়েছিল।