সাড়ে ৩৭ হাজার শিক্ষক নিয়োগ হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাক-প্রাথমিক শিক্ষার জন্য দেশের সাড়ে ৩৭ হাজারেরও বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একজন করে শিক্ষক নিয়োগ করা হচ্ছে। প্রধানমন্ত্রীর নীতিগত অনুমোদনের পর সংস্থাপন মন্ত্রণালয়ও এতে সম্মতি দিয়েছে। বিষয়টি এখন অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায়। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। প্রাথমিক ও গণশিক্ষা সচিব এ কে এম আবদুল আউয়াল মজুমদার বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, ‘প্রাক-প্রাথমিকের জন্য প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একজন করে শিক্ষক নিয়োগের বিষয়টিতে প্রধানমন্ত্রী নীতিগত অনুমোদন দিয়েছেন। এরপর সংস্থাপন মন্ত্রণালয়ও অনুমোদন দিয়েছে। এখন বিষয়টি অনুমোদনের জন্য অর্থ মন্ত্রণালয়ে গেছে। সেখানেই কিছুটা বিলম্ব হচ্ছে। তবে দাতারাসহ সংশ্লিষ্ট সবাই চাইছে এটি হোক।’সচিব জানান, প্রাক-প্রাথমিক শিক্ষকদের বেতন-ভাতা প্রাথমিক শিক্ষকদের মতোই হবে। যোগ্যতাও হবে একই। তবে প্রাক-প্রাথমিক স্তরের শিক্ষা যেহেতু ভিন্ন, সেজন্য নিয়োগ দেওয়ার পর এসব শিক্ষককে আলাদাভাবে প্রশিক্ষণ দেওয়া হবে। আর নতুন শিক্ষক নিয়োগের আগে বিদ্যালয়গুলোর প্রশিক্ষিত শিক্ষকদের দিয়েই প্রাক-প্রাথমিকের কার্যক্রম চালানো হবে।দেশে বর্তমানে সরকারি-বেসরকারি মিলিয়ে ৮০ হাজারেরও বেশি প্রাথমিক বিদ্যালয় আছে। এর মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ৩৭ হাজার ৬৭২। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা জানান, প্রাক-প্রাথমিক শিক্ষা সাম্প্রতিক সময় পর্যন্ত কিছু সরকারি বিদ্যালয়ে চালু ছিল। কিন্তু চলতি বছর থেকে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘শিশু শ্রেণী’ নামে এক বছর মেয়াদি এ শিক্ষা কার্যক্রম চালু করা হয়েছে। প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির হার বাড়ানো ও ঝরে পড়া রোধ এবং শিশুদের বিদ্যালয়ের পরিবেশের সঙ্গে খাপ খাওয়ানোর উদ্দেশ্যেই সরকার সব বিদ্যালয়ে এই পর্যায়ের শিক্ষা চালু করেছে। এজন্য প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রাক-প্রাথমিক শ্রেণীর বই ‘আমার বই’ বিতরণ করা হয়েছে। এসব বই শিশুদের বাড়ি নেওয়ার জন্য দেওয়া হবে না। এগুলো বিদ্যালয়েই থাকবে।জাতীয় শিক্ষানীতিতে পাঁচ বছরের বেশি বয়সী শিশুদের জন্য এক বছর মেয়াদি প্রাক-প্রাথমিক শিক্ষা চালু করার কথা বলা হয়েছে। এতে এর প্রয়োজনীয়তা ব্যাখ্যা করে বলা হয়েছে, আনুষ্ঠানিক শিক্ষা শুরু করার আগে শিশুর মানবিক বৃত্তির সুষ্ঠু বিকাশ এবং প্রয়োজনীয় মানসিক ও দৈহিক প্রস্তুতির পরিবেশ তৈরি করা প্রয়োজন। নীতিতে বলা হয়েছে, প্রথমে পাঁচ বছরের বেশি বয়সী শিশুদের জন্য হলেও পরবর্তী সময়ে এ শিক্ষা চার বছরের বেশি বয়সী শিশু পর্যন্ত সম্প্রসারিত করা হবে। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা বলছেন, প্রাক-প্রাথমিক শিক্ষা চালু করা হলেও শিক্ষকের সমস্যা রয়েছে। রাজধানীর সেগুনবাগিচার আইডিয়াল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শফিউল আলম প্রথম আলোকে বলেন, ‘আমাদের বিদ্যালয়ে প্রাক-প্রাথমিক শিক্ষা আগেই চালু করেছি। সকালে শিশু শ্রেণীর ক্লাস হয়। এখন বিদ্যালয়ের প্রশিক্ষিত শিক্ষক দিয়ে এই স্তরের শিক্ষা দেওয়া হচ্ছে। তবে আলাদা কোনো শিক্ষক না থাকায় সমস্যা হচ্ছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শ্যামল কান্তি ঘোষ গতকাল প্রথম আলোকে বলেন, ‘প্রতিটি বিদ্যালয়ে প্রাক-প্রাথমিকের জন্য একজন করে শিক্ষক নিয়োগের চেষ্টা করা হচ্ছে। এ বিষয়ে আমরা এখন অর্থ মন্ত্রণালয়ের সম্মতির অপেক্ষায় আছি।’উল্লেখ্য, বর্তমান সরকারের আমলে ইতিমধ্যে প্রাথমিক বিদ্যালয়ে এক হাজার ৮৫২ জন প্রধান শিক্ষক ও ৫১ হাজার ২৮৯ জন সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। এ ছাড়াও বর্তমানে মুক্তিযোদ্ধার সন্তান কোটায় তিন হাজারের মতো শিক্ষক নিয়োগের প্রক্রিয়া চলছে।