সাড়ে ৪৫ লাখ টাকা মূল্যের মাদকসহ আটক ৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালী শহর থেকে সাড়ে চার কেজি আফিমসহ সাত মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৭) একটি দল। গত শুক্রবার রাতে শহরের দত্তবাড়ির মোড় এলাকা থেকে তাঁদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন: জেলার সুবর্ণচর উপজেলার চর ওয়াপদা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ও চর বৈশাখী গ্রামের মো. হাবিবউল্লা ওরফে বাহার মেম্বার (৩৫), চর আমানউল্লাহ গ্রামের সিরাজুল মাওলা (৩৮) ও আবু হানিফ (২৮), চর তোরাব আলী গ্রামের আবদুর রউফ (২৫), চর জব্বার গ্রামের জয়নাল আবদিন (৩৫) এবং চর জুবলীর বুলু মিয়া (৫৫) ও আবুল হোসেন (৪৭)।র‌্যাব সূত্র জানায়, আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সুধারাম থানায় সোপর্দ করা হয়। এ ঘটনায় র‌্যাব-৭-এর ডিএডি রফিকুল ইসলাম বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন। সূত্র জানায়, উদ্ধার হওয়া আফিমের বর্তমান বাজারমূল্য আনুমানিক ৪৫ লাখ টাকা। পপিগাছ থেকে রস সংগ্রহ করে ওই রস থেকে আফিম তৈরি করা হয়। অভিযান পরিচালনাকারী র‌্যাব-৭-এর কর্মকর্তা মো. নুরুজ্জামান প্রথম আলোকে বলেন, গোপন সূত্রের মাধ্যমে তাঁরা জানতে পারেন, দেশি-বিদেশি একটি সংঘবদ্ধ চক্র কিছুদিন ধরে হাতিয়া-নোয়াখালী রুট ব্যবহার করে বিদেশি জাহাজের মাধ্যমে হেরোইন, আফিমসহ বিভিন্ন মাদক আমদানি করে বাংলাদেশে ব্যবসা করছে।