সাড়ে ৭ ঘণ্টা পর উদ্ধার চিত্রা, ট্রেন চলাচল স্বাভাবিক
সাড়ে সাত ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে ঢাকা খুলনা পথে চলাচলকারী চিত্রা এক্সপ্রেস। আজ শনিবার বেলা ১টা ২০ মিনিটে পাবনার ঈশ্বরদীর মুলাডুলি রেলস্টেশনের কাছে ট্রেনের ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হয়। রাত আটটা ৫৫ মিনিটে নতুন ইঞ্জিন যুক্ত করে চিত্রা ঢাকার উদ্দেশে রওনা দিয়েছে।
রেলের পাকশী অঞ্চলের বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক অসীম কুমার তালুকদার ঘটনাস্থল থেকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাত আটটা ৫৫ মিনিটে দুর্ঘটনা কবলিত চিত্রা এক্সপ্রেসের ইঞ্জিন পরিবর্তন করে নতুন ইঞ্জিন নিয়ে মুলাডুলি থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে। চিত্রা উদ্ধারের ফলে অন্যান্য রুটে যেসব ট্রেন অপেক্ষায় ছিল সেগুলো যাত্রা শুরু করেছে। চিত্রা দুর্ঘটনায় পড়ায় ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়।
৩টা ২০ মিনিটে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে এসে উদ্ধারকাজ শুরু করে। তবে কাজ করতে গিয়ে উদ্ধারকারী ক্রেনের ৬টি চাকা লাইনচ্যুত হয়।
রেলওয়ে পাকশী অঞ্চলের সহকারী বিভাগীয় পরিবহন কর্মকর্তা নাসির উদ্দিন জানান, ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। পাকশী বিভাগীয় পরিবহন কর্মকর্তা শওকত জামিলকে এর প্রধান করা হয়েছে।
অসীম কুমার তালুকদার জানান, ঈশ্বরদী স্টেশন থেকে যাত্রাবিরতির পর ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। মুলাডুলি স্টেশনের আগে সিগন্যাল অমান্য করে ট্রেনটি নিয়ে যাওয়ার সময় চিত্রা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন, পাওয়ার কার, একটি কোচসহ তিনটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে যায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
আরও পড়ুন...