সাড়ে ৮০০ গাছ কেটে চিংড়িঘের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়া উপজেলার সমুদ্র উপকূলবর্তী ইউনিয়ন বদরখালীতে প্যারাবনের সাড়ে ৮০০ গাছ কেটে ফেলা হয়েছে। গত ১৫-১৬ দিনে বদরখালী কৃষি সমবায় ও উপনিবেশ সমিতি গাছগুলো নিধন করে সেখানে চিংড়িঘের করছে বলে অভিযোগ পাওয়া গেছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বদরখালী ইউনিয়নের ৩ নম্বর ব্লকের ওই এলাকায় জাপানের পরিবেশবাদী সংগঠন ওয়েস্কা ইন্টারন্যাশনালের ম্যানগ্রোভ রি-ফরেস্টেশন প্রজেক্টের আওতায় ১৯৯২-৯৩ ও ২০০১ সালে উপকূল রক্ষায় সরকারি খাস ও বন বিভাগের ৩০০ একর জমিতে কেওড়া, বাইনসহ বিভিন্ন প্রজাতির প্যারাবন সৃজন করা হয়। ২০০০ সালে বেসরকারি সংস্থা উবিনীগও সেখানে কিছু গাছ লাগায়। এর মধ্যে গত জোট সরকারের আমলে প্রায় ২০০ একর প্যারাবন নিধন করে বদরখালী কৃষি সমবায় উপনিবেশ সমিতি চিংড়িঘের তৈরি করে। সর্বশেষ গত ১৫-১৬ দিনে ওই সমিতি সাড়ে ৮০০ গাছ নিধন করল।এদিকে প্যারাবন উজাড়ের খবর পেয়ে গত শুক্রবার চট্টগ্রাম উপকূলীয় বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এস এ খালেকসহ প্রশাসনের কর্মকর্তারা ওই এলাকা সরেজমিন পরিদর্শন করেছেন। এলাকাবাসী জানায়, বদরখালী কৃষি সমবায় ও উপনিবেশ সমিতির সম্পাদক মোহাম্মদ আলী চৌধুরী শ্রমিক দিয়ে প্রকাশ্যে গাছগুলো কেটে সাবাড় করে ফেলেছেন। অনেক গাছের গোড়া উপড়ে ফেলা হয়েছে। ১৫-১৬ দিনের মধ্যে এই নিধনযজ্ঞ চালানো হয়েছে বলে এলাকাবাসী জানায়।গত বুধবার সরেজমিনে গিয়ে দেখা গেছে, প্যারাবনের অনেক গাছ কেটে গোড়া ফেলে রাখা হয়েছে। প্যারাবন উজাড় হয়ে যাওয়ায় ওই ইউনিয়নের প্রায় ৪০ হাজার মানুষ জলোচ্ছ্বাসের হুমকির মুখে পড়েছে। উবিনীগের ব্যবস্থাপক রফিকুল হক প্যারাবন দখলের সত্যতা স্বীকার করে বলেন, ‘সাত-আট মাস আগে এই প্যারাবনের কিছু গাছ রেখে পুরো জায়গা ঘিরে ফেলা হয়। তারপর ঘিরে ফেলা জায়গার গাছগুলো ধীরে ধীরে কাটা শুরু হয়। তখন আমি উপজেলা প্রশাসনে অভিযোগ দিয়েছিলাম। তদন্ত হয়েছে, কিন্তু ফলাফল কী হরেয়ছে, তা জানি না।’রফিকুল হক জানান, প্যারাবনের গাছ কাটার ঘটনায় আজ রোববার প্রশাসনের সঙ্গে আলোচনা করে মামলা করার সিদ্ধান্ত নেওয়া হবে।বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির সম্পাদক মোহাম্মদ আলী চৌধুরী প্যারাবন উজাড়ের অভিযোগ অস্বীকার করে এ বিষয়ে সংবাদ প্রকাশ না করার অনুরোধ করেন। তিনি প্রথমে প্যারাবনের জায়গাটি তাঁদের দাবি করলেও পরে অন্যের বলে জানান। তবে অন্যজন কে, তা জানাতে পারেননি।ওয়েস্কা ইন্টারন্যাশনালের চকরিয়ার ব্যবস্থাপক হামিদুল হক প্যারাবন উজাড়ের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘শুনেছি, বদরখালী সমিতি প্যারাবনটি কেটে ঘের তৈরি করছে।’চকরিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির হোসেন বলেন, প্যারাবনের গাছ নিধনের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আর এ জায়গাটি সরকারি, নাকি ব্যক্তিমালিকানাধীন, তা খতিয়ে দেখা হচ্ছে।কক্সবাজার উপকূলীয় বন বিভাগের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এম এ হাসান বলেন, ‘আমরা সেখানে কেটে রেখে যাওয়া ৩৩৩টি বড় গাছের মোথা ও পাঁচ শরও বেশি ছোট গাছ নিধনের প্রমাণ পেয়েছি। প্যারাবনটি একটি এনজিও সৃজন করেছে। ফলে মামলাও করতে হবে তাদের। তবে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা পেলে বন বিভাগ থেকে মামলা করা হবে।’