সাড়ে ৯ টন জাটকা উদ্ধার, ৮ জনের দণ্ড
চট্টগ্রাম নগরের ফিশারিঘাটে অভিযান চালিয়ে সাড়ে নয় টন জাটকা উদ্ধার করেছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে জাটকা ধরা ও সংরক্ষণের অপরাধে তিনজনকে কারাদণ্ড ও পাঁচজনকে মোট ২৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
গতকাল সোমবার চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এ সময় র্যাবের সহকারী পরিচালক মিমতানুর রহমান ও মো. আমিরুল্লাহ, মৎস্য জরিপ কর্মকর্তা মো. কামাল উদ্দিন চৌধুরী ও সহকারী মৎস্য কর্মকর্তা মাহাবুবুর রহমান উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, ফিশারিঘাটের নয়টি কোল্ড স্টোরেজে অভিযান চালিয়ে প্রায় ৫০ হাজার জাটকা উদ্ধার করা হয়েছে। জাটকা ধরা ও সংরক্ষণের অপরাধে তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও পাঁচজনকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। পরে জব্দ করা জাটকা ৫০টি এতিমখানা ও দুস্থদের মধ্যে বিতরণ করা হয়েছে।
অভিযানে দুটি হিমাগারের মালিক মোহাম্মদ হাবিবকে দেড় বছর, হিমাগার মালিক মো. শাহেদুজ্জামানকে এক মাস এবং ব্যবস্থাপক নয়ন দাসকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।