সায়মা হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড
ঢাকা আইনজীবী সমিতির সাবেক সাংস্কৃতিক সম্পাদক সায়মা খানম হত্যা মামলার রায়ে একমাত্র আসামি ফায়জুল ইসলামকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত।ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-২-এর বিচারক দেওয়ান মো. শফিউল্লাহ গতকাল মঙ্গলবার এই রায় দেন। রায় ঘোষণার আগে আসামি ফায়জুলকে কারাগার থেকে আদালতে নেওয়া হয়। রায়ে হাইকোর্টের অনুমোদন সাপেক্ষে রায় কার্যকরের কথা উল্লেখ করা হয়েছে।আদালত সূত্র জানায়, টাকা না দেওয়াকে কেন্দ্র করে ২০০৭ সালের ১৭ জুলাই আইনজীবী সায়মা খানমকে এলিফ্যান্ট রোডের বাসায় ঢুকে হত্যা করা হয়। এ ঘটনায় সায়মার স্বামী জহুরুল ইসলাম বাদী হয়ে ধানমন্ডি থানায় মামলা করেন। আসামি ফায়জুল হত্যার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দেন। রাষ্ট্রপক্ষ ২৩ জন সাক্ষীকে আদালতে উপস্থাপন করেন।রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন বিশেষ কৌঁসুলি সৈয়দ শামসুল হক। তাঁকে সহায়তা করেন আইনজীবী গোলাম মোস্তফা খান।গোলাম মোস্তফা খান বলেন, এই মামলায় যেমনটা ন্যায়বিচার আশা করা হয়েছিল, তেমনটাই হয়েছে।