সায়রা মহসিনকে নির্বাচিত ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৈয়দা সায়রা মহসিন
সৈয়দা সায়রা মহসিন

মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের উপনির্বাচনে প্রয়াত সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলীর স্ত্রী সৈয়দা সায়রা মহসিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংসদ নির্বাচিত হয়েছেন। এই উপনির্বাচনে তিনি ছাড়া বাকি চার প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল।
গত রোববার ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন।
জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা এস এম এজহারুল হক গতকাল সোমবার বেলা সোয়া ১১টায় সৈয়দা সায়রা মহসিনের নির্বাচিত হওয়ার ঘোষণা দেন। মৌলভীবাজার জেলা নির্বাচন কর্মকর্তা কাজী মো. ইস্তাফিজুল হক আকন্দ এ বিষয়ে প্রথম আলোকে বলেন, ‘একক বৈধ প্রার্থী হওয়ায় তাঁকে বেসরকারিভাবে সাংসদ ঘোষণা করা হয়েছে।’
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ১১ নভেম্বর মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগসহ তিনটি রাজনৈতিক দল এবং দুজন স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। কিন্তু ১৪ নভেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় বিভিন্ন ত্রুটি ধরা পড়ায় রিটার্নিং কর্মকর্তা চারজনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন। মনোনয়নপত্র বাতিল হওয়া চার প্রার্থী হচ্ছেন জাতীয় পার্টির (এরশাদ) সৈয়দ নুরুল হক, বাংলাদেশ জাতীয়তাবাদী ফ্রন্টের (বিএনএফ) মোহাম্মদ আশরাফ হোসেন, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ খুরশিদ ও সুহেল আহমদ।
গত ১৪ সেপ্টেম্বর সৈয়দ মহসিন আলীর মৃত্যুতে এ আসনটি শূন্য হয়।